© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সব বিভাগে হবে পূর্ণাঙ্গ ক্যান্সার চিকিৎসাকেন্দ্র: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

শেয়ার করুন:
সব বিভাগে হবে পূর্ণাঙ্গ ক্যান্সার চিকিৎসাকেন্দ্র: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৩২ পিএম | ১৯ নভেম্বর, ২০২৬
দেশের ক্যান্সার চিকিৎসা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, ক্যান্সার রোগীদের রেডিওথেরাপির দীর্ঘ সিরিয়াল কমাতে সরকার খুব শিগগিরই নতুন ৮টি রেডিওথেরাপি মেশিন ক্রয় করছে এবং পর্যায়ক্রমে সব বিভাগীয় শহরে পূর্ণাঙ্গ ক্যান্সার চিকিৎসাকেন্দ্র স্থাপন করবে। 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে রাজধানীর র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে অনকোলজি ক্লাব আয়োজিত ‘১১তম বাংলাদেশ ইন্টারন্যাশনাল ক্যান্সার কংগ্রেস-এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জুবাইদা রহমান।  

স্বাস্থ্য প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, সরকার গঠনের পর তাঁরা একটি সম্পূর্ণ ভঙ্গুর স্বাস্থ্যব্যবস্থা পেয়েছেন। বিগত সময়ে জনসংখ্যা ও রোগতাত্ত্বিক চাহিদা বিবেচনা না করেই অপ্রয়োজনীয় অবকাঠামো ও যন্ত্রপাতি কেনা হয়েছিল, যার অনেকগুলোই এখন অকেজো অবস্থায় পড়ে আছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দল-মত নির্বিশেষে দেশের শীর্ষ বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে স্বাস্থ্য খাত পুনর্গঠনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে এবং এর মধ্যে ক্যান্সার নিয়ন্ত্রণ অন্যতম প্রধান লক্ষ্য।



ড. এম এ মুহিত বলেন, "ক্যান্সার ইনস্টিটিউটে রেডিওথেরাপির জন্য ২০২৮ সাল পর্যন্ত রোগীদের সিরিয়াল দেওয়া আছে, অর্থাৎ নতুন কোনো রোগীর থেরাপি পেতে ২০২৯ সাল পর্যন্ত অপেক্ষা করতে হতো। এই অসহনীয় জট কমাতে আমাদের প্রস্তুত থাকা ৮টি বাঙ্কারের জন্য খুব দ্রুত ৮টি নতুন রেডিওথেরাপি মেশিন কেনা হচ্ছে।"

তিনি আরও জানান, সম্প্রতি আন্তর্জাতিক ‘ইমপ্যাক্ট (imPACT) মিশন’ বাংলাদেশে ক্যান্সার পরিস্থিতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করেছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে তাদের পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়া যাবে এবং সরকার সেই সুপারিশগুলো বাস্তবায়ন করবে।

তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা ও ক্যান্সার সচেতনতা বাড়াতে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, প্রতিটি উপজেলায় ৫ থেকে ১০ লাখ মানুষের জন্য সিনিয়র ও জুনিয়র কনসালটেন্ট সমৃদ্ধ ১৫১টি বড় হাসপাতাল গড়ে তোলা হবে। এর পাশাপাশি প্রাথমিক স্বাস্থ্যসেবা শক্তিশালী করতে গ্রাম পর্যায়ে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। এই কর্মীরা ট্যাব এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সমৃদ্ধ আধুনিক ‘ই-হেলথ সিস্টেম’-এর মাধ্যমে প্রতি দুই মাস অন্তর প্রতিটি বাড়িতে গিয়ে রোগীদের তথ্য সংগ্রহ করবেন এবং ক্যান্সার প্রতিরোধ ও স্ক্রিনিংয়ের বিষয়ে সচেতনতা তৈরি করবেন।



জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে সরকারের সাফল্যের কথা তুলে ধরে তিনি বলেন, সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে (ইপিআই) এইচপিভি টিকা অন্তর্ভুক্ত করা হয়েছে। সম্প্রতি উত্তরাঞ্চলের ১৬টি জেলায় এই টিকাদান কর্মসূচির অত্যন্ত উচ্চহারে সফলতা দেখা গেছে। এ ছাড়া বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথভাবে চলমান স্তন ও জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিং প্রোগ্রামটিকে মূলধারার স্বাস্থ্যসেবায় যুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

প্রধান অতিথি ডা. জুবাইদা রহমানের ভূয়সী প্রশংসা করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড মুহিত বলেন, একজন চিকিৎসক ও হৃদরোগ বিশেষজ্ঞ হিসেবে তিনি নারী, শিশু এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবার উন্নয়নে অত্যন্ত আন্তরিকভাবে কাজ করছেন। তাঁর নেতৃত্বে আগামী কয়েক বছরের মধ্যেই দেশের ক্যান্সার চিকিৎসায় দৃশ্যমান পরিবর্তন আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এমআই/

মন্তব্য করুন