থানার সামনে বিক্ষোভকে কেন্দ্র করে আ’লীগ-বিএনপির ধাওয়া-পাল্টাধাওয়া
ছবি: সংগৃহীত
১০:৪৭ এএম | ২০ নভেম্বর, ২০২৬
পাবনার বেড়া উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে বেড়া মডেল থানা এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে বেড়া থানার সামনে অবস্থান নেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। পরে খবর পেয়ে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে গেলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় সাবেক ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকুর বাড়িতে থাকা কয়েকটি খড়ের পালায় আগুন দেওয়ার ঘটনা ঘটে।
বিক্ষোভের একটি ভিডিও ‘পাবনা জেলা ছাত্রলীগ’ নামের ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে।
এ বিষয়ে বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) রাশিদুল ইসলাম বলেন, বিক্ষোভ মিছিলটি থানা-সংলগ্ন সড়ক দিয়ে যাওয়ার সময় ফটকের সামনে কিছুক্ষণ স্লোগান দিয়েছে। তবে একে থানা ঘিরে বিক্ষোভ বলা ঠিক হবে না। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এমআই/