রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের সপ্তম চালান
ছবি: সংগৃহীত
১১:২৬ এএম | ২০ নভেম্বর, ২০২৬
পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ইউরেনিয়ামের আরও একটি চালান পৌঁছেছে।
শুক্রবার (২০ নভেম্বর) ভোর ৬টা ২৪ মিনিটের দিকে পারমাণবিক জ্বালানিবাহী তিনটি লরি কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রকল্প এলাকায় প্রবেশ করে।
এর আগে বৃহস্পতিবার রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রূপপুরের উদ্দেশে রওনা দেয় লরিগুলো। সেনাবাহিনীর সার্বিক নিরাপত্তায় যমুনা সেতু, বনপাড়া ও দাশুড়িয়া হয়ে জ্বালানিবাহী বহরটি প্রকল্প এলাকায় পৌঁছায়। পরিবহনকালে সেনাবাহিনীর পাশাপাশি স্পেশাল সিকিউরিটি ফোর্স/এসআরবি এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন।
পুলিশ জানিয়েছে, পারমাণবিক জ্বালানি পরিবহনের সময় যেন কোনো ধরনের যানজট সৃষ্টি না হয়, সে জন্য মহাসড়কের বিভিন্ন মোড়ে পুলিশ সদস্য মোতায়েন করা হয় এবং সাময়িকভাবে ভারী যানবাহন চলাচল বন্ধ রাখা হয়। বিশেষ নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে কোনো প্রতিবন্ধকতা ছাড়াই পুরো পরিবহন কার্যক্রম সম্পন্ন হয়েছে।
প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানায়, রূপপুর বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গোতে মোট ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি আনার কথা রয়েছে। এর আগে গত ১৪ নভেম্বর দ্বিতীয় ইউনিটের ষষ্ঠ চালান পৌঁছানোর পর আজ সপ্তম চালানটি প্রকল্প এলাকায় প্রবেশ করল।
এ ছাড়া প্রথম ইউনিটে জ্বালানি পুনঃস্থাপনের জন্য দুটি কার্গোতে আরও ৪৮টি অ্যাসেম্বলি দেশে আনা হবে। চলতি নভেম্বর ও আগামী ডিসেম্বর মাসে আরও দুটি ফ্লাইটে রাশিয়া থেকে ইউরেনিয়ামের চালান আসার কথা রয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রসাটম জানিয়েছে, ডিসেম্বরের মধ্যেই জ্বালানি সরবরাহের পুরো প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
এর আগে ২০২৩ সালের ২৯ সেপ্টেম্বর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জ্বালানির প্রথম চালান দেশে পৌঁছায়। ওই বছরের অক্টোবর ও নভেম্বর মাসে আরও চারটি চালানে প্রথম ইউনিটের জ্বালানি প্রকল্প এলাকায় নেওয়া হয়। চলতি বছরের মে মাসে প্রথম ইউনিটের পারমাণবিক চুল্লিতে জ্বালানি স্থাপনের কাজ শেষ হয়। প্রায় দেড় বছর পর ব্যবহৃত জ্বালানির এক-চতুর্থাংশ পরিবর্তন করতে হবে-এ লক্ষ্যে গত ৩ অক্টোবর প্রথম ইউনিটের অতিরিক্ত জ্বালানির একটি চালান রূপপুরে আনা হয়।
চুক্তি অনুযায়ী, প্রথম তিন বছর রাশিয়া এই বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি সরবরাহ করবে। এরপর নির্ধারিত সময় পরপর জ্বালানি পরিবর্তনের জন্য বাংলাদেশকে তা আমদানি করতে হবে। ২ হাজার ৪০০ মেগাওয়াট মোট উৎপাদনক্ষমতার এই কেন্দ্রটিতে দুটি ইউনিট রয়েছে।
ইতিমধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, গত ১৭ নভেম্বর প্রথমবারের মতো ইউনিটটি থেকে টানা সাড়ে ৮ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হয়।
এ সময় সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে যুক্ত হয়েছে। শতভাগ বিদ্যুৎ উৎপাদনে যেতে ধাপে ধাপে আরও কয়েকটি পরীক্ষা চালানো হবে, যাতে আরও কয়েক মাস সময় লাগতে পারে। পাশাপাশি দ্বিতীয় ইউনিটের নির্মাণ ও কমিশনিং কার্যক্রমও দ্রুতগতিতে এগিয়ে চলছে।
এমআই/