সন্ত্রাসকে যারা আশ্রয় দেবে আমি তাদের পেছনে লাগব: ত্রাণ প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত
১১:১৩ এএম | ২০ নভেম্বর, ২০২৬
সন্ত্রাসী ও বিশৃঙ্খলাকারীদের যারা আশ্রয়-প্রশ্রয় দেবে, তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন। তিনি বলেছেন, ‘সন্ত্রাসকে যারা আশ্রয় দেবে, আমি তাদের পেছনে লাগব। সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দিলে আপনাকেও দায়ী করা হবে।’
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের কালীখলা মহল্লার গৌরীপুর বাজার কালীমন্দির প্রাঙ্গণে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ‘সন্ত্রাসী লোকজন, বিশৃঙ্খলাকারীদের যদি কেউ আশ্রয়-প্রশ্রয় দেন, তাহলে আপনি নিজে দায়ী থাকবেন। আমরা আপনাকে দায়ী করব। এই বক্তব্যটা বলার জন্যই আমি আজকে গৌরীপুর এসেছি। আমি সবখানে একই কথা বলছি। আমরা শান্তির পক্ষে, আইনের পক্ষে, বিশৃঙ্খলার বিপক্ষে। আমরা মারামারির পক্ষে নই।’
তিনি আরও বলেন, ‘কিন্তু মারামারি করলে এবার যে ছেড়ে দেব, তা নয়। এর আগে অনেক বুঝিয়েছি, সহ্য করেছি, মার খেয়ে গেছি। এবার আর মার খেয়ে যাব না। মারামারি করতে আসলে আমরাও মারামারি করব। আপনারা শান্তিপূর্ণভাবে থাকেন। আমি কোনোভাবেই অশান্তি চাই না।’
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার কাজ করছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, সারা দেশের মানুষকে শান্তিপূর্ণভাবে রাখার চেষ্টা করা হচ্ছে। কোথাও যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে, সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে।
তিনি বলেন, কিছু উগ্রবাদী ও সন্ত্রাসী বিভিন্ন স্থানে অতর্কিত হামলা চালিয়ে ছোটখাটো গোলযোগ সৃষ্টি করছে। এসব ঘটনার রাজনৈতিকভাবে তাৎক্ষণিক প্রতিঘাত করার সুযোগ থাকলেও তারা তা করেননি। বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনার প্রতিবাদে কোনো প্রতিঘাত করা হয়নি বলেও জানান তিনি।
এম ইকবাল হোসেইন বলেন, এসব ঘটনার সমাধান তারা শান্তিপূর্ণভাবে এবং প্রশাসনের প্রচলিত আইনের মাধ্যমে করতে চান। প্রশাসন শক্ত অবস্থানে রয়েছে এবং এ বিষয়ে প্রশাসনকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের গৌরীপুর শাখার আহ্বায়ক কমল সরকার। সঞ্চালনা করেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের ময়মনসিংহ উত্তর জেলা শাখার সদস্য সচিব বিশ্বজিৎ ঘোষ।
সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আমীন পাপ্পা, গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. হাবিবুল ইসলাম খান শহীদ, ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুর রহমান বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিছ, ভারপ্রাপ্ত সদস্য সচিব রমজান হোসেন খান জুয়েল, ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সভাপতি তানজীন চৌধুরী লিলি, পূজা উদযাপন পরিষদ গৌরীপুর শাখার সভাপতি রতন সরকার, সাধারণ সম্পাদক শ্যামল কর, রাজ রাজেশ্বরী কালীমন্দির কমিটির সাধারণ সম্পাদক সমীরণ দেবনাথ, গোবিন্দবাড়ি জিউর মন্দির কমিটির সাধারণ সম্পাদক রাজীব সরকার, কালীখলা মন্দির কমিটির সাধারণ সম্পাদক শংকর ঘোষ পিলু এবং পাল মন্দির কমিটির সাধারণ সম্পাদক পিন্টু পালসহ স্থানীয় নেতারা।
এমআই/