স্যান্ডপেপার বিতর্কের মাঝে গণমাধ্যম এড়িয়ে ‘ক্লোজডোর’ অনুশীলনে স্মিথ
ছবি: সংগৃহীত
০৬:৫৬ পিএম | ২০ নভেম্বর, ২০২৬
অনেকটা গোপনেই অনুশীলনে ফিরেছেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার স্টিভেন স্মিথ। তাকে যখন গণমাধ্যম আর ক্যামেরা খুঁজে ফিরছে, তিনি তখন সিডনি ক্রিকেট গ্রাউন্ডের পেছনের প্রবেশপথ দিয়ে ঢুকেছেন বলে খবর অস্ট্রেলিয়ান গণমাধ্যমের। স্যান্ডপেপারগেট কেলেঙ্কারিতে অভিযুক্ত তিন জনের মাঝে এখন কেবল তার বক্তব্য বাকি। অন্য দুজন জানিয়েছেন, স্যান্ডপেপার ব্যবহারের বিষয়ে পুরো অজি দলই আগে থেকে জানত!
এক প্রতিবেদনে ‘সেভেন নিউজ’ জানিয়েছে, নিউ সাউথ ওয়েলসের হয়ে গোপনে অনুশীলন করেছেন স্মিথ। সংবাদমাধ্যমকে তার ব্যাটিং অনুশীলন দেখার সুযোগ দেওয়া হয়নি। ৩৭ বছর বয়সী এই ব্যাটার স্যান্ডপেপার-কাণ্ড নিয়ে নতুন করে তৈরি হওয়া বিতর্কে এখন পর্যন্ত নীরব রয়েছেন। আগামী রোববার থেকে সিডনিতে কুইন্সল্যান্ডের বিপক্ষে শেফিল্ড শিল্ডের ম্যাচে নামছে নিউ সাউথ ওয়েলস। তাদের হয়ে স্মিথের খেলার কথা রয়েছে।
স্মিথ ক্লোজডোর অনুশীলন করলেও, তার খোঁজে ফটকের বাইরে অপেক্ষায় ছিল গণমাধ্যমের ক্যামেরা। তাদের উঁকিঝুঁকি দিয়েই সেখানে চোখ ফেলতে হয়েছে। এর আগে অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সফরের দ্বিতীয় টেস্টে ঘাড়ের চোটে পড়ার পর আর মাঠে নামা হয়নি স্মিথের। শিল্ডের শেষ রাউন্ডের ম্যাচে স্মিথের পাশাপাশি নিউ সাউথ ওয়েলসের হয়ে খেলতে পারেন বর্তমান টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স এবং জাতীয় দলের সতীর্থ মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড ও নাথান লায়নও।
৯ ডিসেম্বর থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের জন্য অস্ট্রেলিয়ার দল ঘোষণার আগে এটিই শিল্ডের শেষ রাউন্ডের ম্যাচ। উসমান খাজার আত্মজীবনী প্রকাশের পর থেকে স্মিথ প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। খাজার বইয়ে ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই বিতর্কিত টেস্টে বল বিকৃতির বিষয়ে অস্ট্রেলিয়া দলের সব খেলোয়াড় জানতেন বলে দাবি করা হয়েছে। তার এই বক্তব্যকে ‘অর্থহীন’ বলে উড়িয়ে দিয়েছেন কামিন্স।
খাজার ওই বক্তব্যের সঙ্গে একমত হয়েছেন ডেভিড ওয়ার্নার, ক্যামেরন ব্যানক্রফট ও চ্যাড সেয়ার্স। সর্বশেষ বুধবার রাতে সাড়ে ৪ হাজার শব্দের এক কলামে ব্যানক্রফট বলেছেন, বল বিকৃতির পরিকল্পনার কথা দলের সব খেলোয়াড়ই জানতেন। ২০১৮ সালে অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক ছিলেন স্মিথ। ওই ঘটনায় ক্রিকেট অস্ট্রেলিয়া তাকে ১২ মাসের জন্য নিষিদ্ধ করার পাশাপাশি অধিনায়কত্ব কেড়ে নেয়। ওয়ার্নারকেও এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছিল এবং সহ-অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। আর ব্যানক্রফট নিষেধাজ্ঞা পান ৯ মাসের জন্য।
এমআই/