‘আমার চোখের সামনে ছেলের লাশ, কীভাবে মানবো’
ছবি: সংগৃহীত
০৮:১০ পিএম | ২০ নভেম্বর, ২০২৬
চাঁদা না দেওয়ায় সোশ্যাল ইসলামী ব্যাংকের একটি এজেন্ট শাখার পরিচালক রেদোয়ান হোসেন রিফাতকে হত্যা করা হয়েছে। তাকে হত্যা করে মরদেহ পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে আবরাদ হাসান সজিব নামের এক কিশোর গ্যাং নেতার বিরুদ্ধে।
শুক্রবার সকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের লালমাই শিবপুর মধ্যমপাড়া সৈয়দুজ্জামানের বাড়ির পাশের পুকুরে নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত রেদোয়ান হোসেন রিফাত কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের শিবপুর মৈশান বাড়ির সাবেক ব্যাংকার দেলোয়ার হোসেনের ছেলে। তার বয়স ৩৬ বছর। পারিবারিক জীবনে তিনি এক ছেলে ও এক মেয়ের বাবা। অভিযুক্ত আবরাদ হাসান সজিব কলেজ পাড়ার বাসিন্দা ও সাবেক যুবলীগ নেতা কবির হোসেন রিঙ্কুর ছেলে।
জানা যায়, রেদোয়ান হোসেন রিফাত লালমাই বাজারে সোশ্যাল ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কর্মরত ছিলেন। গত পাঁচ দিন আগে সজিব ওই ব্যাংকে গিয়ে রেদোয়ানের কাছে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অপরাগতা প্রকাশ করলে সজিব তাকে মারধর করে।পাশাপাশি তার ব্যবহৃত মুঠোফোন ভেঙে ফেলে। এরপর থেকেই নিখোঁজ ছিলেন রিফাত। ছেলের কোনো খোঁজ না পেয়ে বাবা দেলোয়ার হোসেন সদর দক্ষিণ মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি (জিডি) করেন।
নিখোঁজের পাঁচ দিন পর শিবপুর মধ্যমপাড়া এলাকার সৈয়দুজ্জামানের বাড়ির পাশের একটি পুকুরে রিফাতের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দা মনিরুল ইসলাম জানান, ‘সজিব ছেলেটা এ এলাকায় কিশোর গ্যাংয়ের মূল। সে যাকে পাইত তাকে মারত। আগে এসব করত, এখন একজন নিরীহ ছেলেকে হত্যা করেছে। আমরা এর ফাঁসি চাই।’
নিহতের বাবা দেলোয়ার হোসেন কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার ছেলেকে সজিব হত্যা করেছে। আমি তার ফাঁসি চাই। আমার ছেলেটা কত কষ্ট করে ব্যাংকটি পরিচালনা করছিল। ছেলেটা চাঁদা চায় আমার ছেলের কাছে। না দিলে সেদিন মারধরের ঘটনার পর ভাবছি আর ঝামেলা করবে না। আজ আমার চোখের সামনে ছেলের লাশ, কীভাবে মানবো?’
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি রকিবুল ইসলাম বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করছি। সজিব নামে একজনের বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে। সজীবসহ আরও কেউ জড়িত থাকলে সবাইকে আইনের আওতায় আনা হবে। কেউ রেহাই পাবে না।’
কুমিল্লার পুলিশ সুপার (এসপি) আনিসুজ্জামান বলেন, ‘বিষয়টি নিয়ে ওসির সঙ্গে কথা বলছি। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
এমআর/