বাংলাদেশে যা চলছে, তা তাদের অভ্যন্তরীণ বিষয়: ভারত
ছবি: সংগৃহীত
১০:৫৩ এএম | ২১ নভেম্বর, ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ড ও এর বিপরীতে সরকারের পদক্ষেপ ঘিরে বাংলাদেশে যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি চলছে, তা একান্তই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে অভিমত দিয়েছে ভারত।
মূলত, গত প্রায় এক সপ্তাহ ধরে বাংলাদেশের বিভিন্ন জেলায় শুরু হওয়া রাজনৈতিক অস্থিরতার জন্য ভারতকে দায়ী করছে ক্ষমতাসীন দল বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলগুলো। গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাট জেলার এক জনসভায় বক্তব্য দেওয়ার সময় চলমান রাজনৈতিক অস্থিরতার জন্য ‘সীমান্তের ওপারে’ থাকা প্রভুদের ইশারা’-কে দায়ী করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (২০ নভেম্বর) ভারতের রাজধানী নয়াদিল্লিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়ালের কাছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চান সাংবাদিকরা।
জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, বাংলাদেশে বর্তমানে যা চলছে, তা দেশটির অভ্যন্তরীণ বিষয়।
পাশপাশি, বাংলাদেশের সঙ্গে সম্পর্কের বিষয়ে ভারতের অবস্থান আবারও তুলে ধরেন তিনি।
জয়সওয়াল বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ ঘটনাপ্রবাহ নিয়ে আমাদের কোনো মন্তব্য নেই। আমাদের অবস্থান আগের মতোই অটল। ভারত বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক ও দূরদর্শী সম্পর্ক চায়। এই সম্পর্ক গড়ে উঠেছে উভয় দেশের অভিন্ন ইতিহাস এবং জনগণের মধ্যকার সাংস্কৃতিক বন্ধনের ওপর ভিত্তি করে।
আরআই/