বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ১৩ নেতা বহিষ্কার
ছবি: সংগৃহীত
০৮:০৭ পিএম | ২১ নভেম্বর, ২০২৬
সাংগঠনিক নিষ্ক্রিয়তা ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা ছাত্রদলের ১৩ নেতাকে সাময়িক বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল। তাদের মধ্যে ১২ জনের বিরুদ্ধে সাংগঠনিক নিষ্ক্রিয়তা এবং একজনের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বহিষ্কারের সিদ্ধান্ত অনুমোদন করেন। কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সাংগঠনিক নিষ্ক্রিয়তার অভিযোগে বহিষ্কৃত ১২ নেতার মধ্যে রয়েছেন সহসভাপতি মো. রাকিবুল ইসলাম, মো. আসিক উজ্জামান, আব্দুল্লাহ হিল আদিব, মো. সুজন ও সোহেল রানা। যুগ্ম সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন ও আরমান হোসেন। সহসাধারণ সম্পাদক হাসিবুর রহমান শেখ, সহসাংগঠনিক সম্পাদক শাহ তাকবীর আহমেদ সিয়াম, সহআইন সম্পাদক মো. রাকিব, সহতথ্য ও গবেষণা সম্পাদক হৃদয় তালুকদার এবং আপ্যায়ন সম্পাদক মো. নজরুল ইসলাম সোহাগ।
এ ছাড়া সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আজমাইন সাকিবকেও সাময়িক বহিষ্কার করা হয়েছে।
কেন্দ্রীয় ছাত্রদলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী এসব নেতাকে তাদের সাংগঠনিক পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মোশাররফ হোসেন বলেন, কেন্দ্রীয় ছাত্রদলের সিদ্ধান্ত অনুযায়ী সংশ্লিষ্ট নেতাদের সাংগঠনিক পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
এমআর/