© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নিকুঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ ছাত্রদল নেতা বাপ্পীর বিরুদ্ধে

শেয়ার করুন:
নিকুঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ ছাত্রদল নেতা বাপ্পীর বিরুদ্ধে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৩২ পিএম | ২১ নভেম্বর, ২০২৬
রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জ-২ এলাকায় ১২ বছর বয়সী এক শারীরিক ও মানসিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে খিলক্ষেত থানা ছাত্রদলের সহ-সভাপতি মো. ইমামুল হোসেন বাপ্পীর (৩১) বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে খিলক্ষেত থানায় মামলাটি দায়ের করেন ভুক্তভোগী শিশুটির পালক পিতা। অভিযুক্ত বাপ্পীর পিতার নাম নাজমুল হোসেন এবং মাতার নাম বকুল আক্তার। তার স্থায়ী ঠিকানা নিকুঞ্জ-২ এলাকার খ/১০৮ নম্বর বাসা।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে বাদী সারাদিন সিএনজি চালান এবং তার স্ত্রী নিকুঞ্জ-২-এর ১ নম্বর রোডে চা বিক্রি করেন। তারা খিলক্ষেতের নিকুঞ্জ-২ এলাকার টানপাড়া জামতলায় একটি ভাড়া বাসায় থাকেন। সারাদিন পরিশ্রমের পর প্রতিবন্ধী শিশুটিই ছিল এই দম্পতির একমাত্র আশ্রয় ও শান্তির জায়গা। অভিযোগ অনুযায়ী, একই বাড়ির পাশের একটি ঘরে ভাড়া থাকতেন অভিযুক্ত বাপ্পী।

এজাহারে উল্লেখ করা হয়, গত বুধবার (১৮ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে কাজের প্রয়োজনে শিশুটির মা-বাবা বাসার বাইরে ছিলেন। সে সময় চকলেট ও টাকার প্রলোভন দেখিয়ে কথা বলতে অক্ষম ওই শিশুটিকে নিজের ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন বাপ্পী। কাজ শেষে বাসায় ফিরে শিশুটিকে অসুস্থ, রক্তাক্ত ও বিপর্যস্ত অবস্থায় দেখতে পান মা-বাবা। পরে জিজ্ঞাসাবাদে নির্যাতনের বিষয়টি জানতে পারেন তারা।

শিশুটির অবস্থার অবনতি হলে প্রথমে তাকে স্থানীয় এক চিকিৎসকের কাছে নেওয়া হয়। অবস্থার গুরুত্ব বিবেচনায় চিকিৎসক তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। বর্তমানে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে শিশুটি।

এলাকাবাসীর অভিযোগ, নিকুঞ্জ এলাকায় দীর্ঘদিন ধরে নানা অপকর্মে জড়িত ছিলেন বাপ্পী। ফুটপাত দখল করে দোকান বসিয়ে চাঁদাবাজি, অনলাইন প্রতারণা এবং রাতে মদ্যপ অবস্থায় বেপরোয়া আচরণের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, আগেও বিভিন্ন ভুক্তভোগী অভিযোগ করলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

এ বিষয়ে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহরাব আল হোসাইন বলেন, ‘বাদীর লিখিত অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে, যার মামলা নম্বর-১৫। শনিবার (২১ নভেম্বর) মামলার নথিপত্র আদালতে পাঠানো হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।’

এদিকে, প্রতিবন্ধী শিশুর ওপর নির্যাতনের ঘটনায় দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও সচেতন মহল।

এমআর/ 

মন্তব্য করুন