গাইবান্ধায় নির্মাণাধীন ভবন থেকে ককটেল-পেট্রোল বোমা উদ্ধার
ছবি: সংগৃহীত
০৬:৪০ পিএম | ২১ নভেম্বর, ২০২৬
গাইবান্ধায় একটি নির্মাণাধীন ভবন থেকে তিনটি ককটেল ও তিনটি পেট্রোল বোমা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩।
শনিবার (২১ নভেম্বর) বিকেলে এসআরবি-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এরআগে শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের পূর্ব পাশে সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট এলাকার জিসান ফিলিং স্টেশন ও একটি ইটভাটার পাশের নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়ে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়।
গণমাধ্যমে পাঠানো এসআরবির বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসআরবি-১৩-এর গাইবান্ধা ক্যাম্পের (সিপিসি-৩) একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ধাপেরহাট এলাকার জিসান ফিলিং স্টেশন ও একটি ইটভাটার পাশের নির্মাণাধীন ভবনে অভিযান চালায় এবং সেখানে ককটেল ও পেট্রোল বোমাগুলো পায়। পরে সংস্থাটির বোম্ব ডিসপোজাল টিমকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে গিয়ে ককটেল ও পেট্রোল বোমাগুলো উদ্ধার করে। পরে উদ্ধার করা বিস্ফোরকগুলো সাদুল্লাপুর থানায় সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে জমা দেওয়া হয়েছে বলেও উল্লেখ করা হয়।
তবে বিজ্ঞপ্তিতে এসবে কারা জড়িত কিংবা ককটেল ও পেট্রোল বোমা সেখানে কীভাবে এলো তা উল্লেখ করা হয়নি।
এমআর/