কনের সরকারি চাকরি অস্থায়ী জানার পর ভেঙে দিলেন পাত্র
ছবি: সংগৃহীত
০৮:৫৩ পিএম | ২১ নভেম্বর, ২০২৬
কনের সরকারি চাকরি স্থায়ী নয় বলে জানার পর এক যুবক বিয়ের সব আনুষ্ঠানিকতা বাতিল করে দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটে এই বিষয়ে একটি পোস্ট মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় অনেকে পক্ষে-বিপক্ষে বিভিন্ন ধরনের যুক্তিতর্ক তুলে ধরেছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, রেডিটে হোয়েন ম্যাট্রিমনি এক্সপেকটেশনস ডোন্ট ম্যাচ রিয়্যালিটি শিরোনামের একটি পোস্টে ঘটনার বিস্তারিত তুলে ধরেছেন এক ভারতীয় ব্যবহারকারী। এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
ওই ব্যবহারকারী বলেছেন, এই ঘটনা তার এক বন্ধুর সঙ্গে ঘটেছে, যিনি একটি জীবনসঙ্গী খোঁজার অ্যাপের মাধ্যমে কনে খুঁজছিলেন। পোস্টে বলা হয়েছে, ওই নারী বেসরকারি কলেজ থেকে বিএসসি ডিগ্রি অর্জন করেছিলেন এবং সরকারের একটি পদে কাজ করলেও তার চাকরি ছিল অস্থায়ী। তবে তার প্রোফাইলে বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি।
কিন্তু তার প্রত্যাশা ছিল অনেক বেশি। তিনি ওই যুবকের বেতন সম্পর্কে জানতে চান এবং নিজের প্রত্যাশাগুলো তুলে ধরেন। সেখানে তিনি বলেন, তিনি যাকে বিয়ে করবেন, তার নির্দিষ্ট পরিমাণ আয়, নিজস্ব বাড়ি এবং গাড়ি থাকতে হবে।
ওই ব্যবহারকারী বলেন, ‘‘সেই নারী লম্বা এক ছেলেকে পছন্দ করেন। তবে ছেলেটির উচ্চতা ছিল মাত্র ৫ ফুট ৫ ইঞ্চি এবং অ্যাপে তার উচ্চতার কথা উল্লেখ ছিল।’’
ছেলেটিকে সাধারণ মনে হলেও তিনি ভারতের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ইসরোর একজন বিজ্ঞানী ছিলেন। দেশটির স্বনামধন্য কলেজ থেকে প্রকৌশল ডিগ্রি এবং বিদেশ থেকে স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন। পোস্টে বলা হয়, ‘‘তার ভালো ক্যারিয়ার এবং আয়েশী জীবন ছিল।’’
সবকিছুই ঠিকভাবে এগোচ্ছিল। এমনকি বাগদানের তারিখও ঠিক করা হয়েছিল। কিন্তু পাত্রপক্ষ জানতে পারে, হবু স্ত্রীর সরকারি চাকরিটি অস্থায়ী। এই ঘটনা জানাজানি হওয়ার পর বিয়ের সব পরিস্থিতি মুহূর্তের মধ্যে বদলে যায়। ওই নারীর সঙ্গে বিয়ে বাতিল করে দেয় বরপক্ষ।
পোস্টটি ভাইরাল হওয়ার পর অনলাইনে অনেকেই বিভিন্ন ধরনের মন্তব্য করছেন। কেউ কেউ বলছেন, গুরুত্বপূর্ণ তথ্য গোপন করলে শুরুতেই বিশ্বাসে চিড় ধরে; আবার কয়েকজন ব্যবহারকারী কেবল একপক্ষের কথা শুনে বিচার না করার বিষয়ে সতর্ক করেন।
মন্তব্যের ঘরে এক ব্যবহারকারী লেখেন, পাত্র বিয়ে বাতিল করে সঠিক কাজই করেছেন। কারণ হবু স্ত্রী তার অস্থায়ী চাকরির অবস্থার কথা বরকে জানাননি এবং সত্যি বলতে তাকে কিছুটা অধিকারবোধে ভোগা মনে হচ্ছিল।
আরেকজন ব্যবহারকারী বলেন, ‘‘কী নিয়ে? যে তিনি মিথ্যা বলতে পারেন, তথ্য গোপন করতে পারেন ইত্যাদি এবং কারও চোখে পড়বে না? হ্যাঁ, তার মাথায় এমনটাই ছিল।’’
তৃতীয় এক ব্যবহারকারী লিখেছেন, ‘‘বাগদান বাতিল করে পাত্রের পরিবার ঠিক কাজই করেছে। তার প্রত্যাশাগুলো অধিকারবোধের মতো শোনায়। তার চাকরির অবস্থা শুরুতেই প্রকাশ না করাটা এই ঘটনার একটি বড় মোড়।’’
সূত্র: এনডিটিভি।
এমআই/