বিদেশি শিল্পীদের গানে আপত্তি নেই, যত নিষেধাজ্ঞা আমার ওপর: দিলজিৎ
ছবি: সংগৃহীত
০৮:৪৫ পিএম | ২২ নভেম্বর, ২০২৬
বিদেশি শিল্পীরা একই ধরনের গান গাইলেও তাদের বেলায় আপত্তি নেই, অথচ তার গানেই কেন নিষেধাজ্ঞা- এমন প্রশ্ন তুলে সরব হয়েছেন পাঞ্জাবি গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ। সম্প্রতি ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে নিজের ‘অরা ইন্ডিয়া ট্যুর ২০২৬’-এর অনুষ্ঠানে মঞ্চ থেকে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
তার প্রশ্নে সমর্থন জানান উপস্থিত দর্শকেরাও। কয়েক দিন আগে আহমেদাবাদের কনসার্টে দিলজিতের চারটি গান পরিবেশনের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। গানগুলো হলো ‘পাতিয়ালা পেগ’, ‘৫ তারা’, ‘জেব বিচো আফিম’ ও ‘জাট উঠা ফায়ার করদা’। সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, গানগুলোতে মদ্যপান, মাদক গ্রহণ ও সহিংসতাকে উৎসাহিত করা হয়েছে।
এ প্রসঙ্গেই গত বছর একই স্টেডিয়ামে অনুষ্ঠিত কোল্ডপ্লের কনসার্টের কথা টেনে আনেন দিলজিত। ব্যান্ডটির ‘ফিলিং ড্রাঙ্ক অ্যান্ড হাই’ গানের উদাহরণ দিয়ে তিনি প্রশ্ন তোলেন, বিদেশি শিল্পীরা এমন গান গাইলে আপত্তি না থাকলেও তার ক্ষেত্রে কেন বিধিনিষেধ আরোপ করা হচ্ছে।

দিলজিতের ভাষায়, ‘কোল্ডপ্লে’ যখন গায়, ‘আই অ্যাম ফিলিং ড্রাঙ্ক অ্যান্ড হাই’ তখন তো কারো কোনো সমস্যা হয় না! ওরা এখানে এসে এই গান গাইলে কারও আপত্তি নেই। গানটা আমারও বেশ পছন্দের। কিন্তু দিলজীত গাইলেই সমস্যা। এই দ্বিচারিতা কেন?”
বিদেশি শিল্পীদের সঙ্গে নিজের প্রতি আচরণের পার্থক্য নিয়েও প্রশ্ন তোলেন এই গায়ক। তিনি বলেন, “আমাকে বলা হয়, ‘তুমি বাইরে থেকে এসেছ’। কিন্তু আমার জন্ম তো এখানেই, হনুলুলুতে নয়! আমি সারা পৃথিবীতে ঘুরে বেড়াই।”
গানের ওপর নিষেধাজ্ঞা এবং এ নিয়ে চলমান বিতর্ককে অবশ্য খুব একটা গুরুত্ব দিতে নারাজ দিলজিত। বরং সমালোচকদের উদ্দেশে নিজের অবস্থান জানিয়ে তিনি বলেন, ‘আপনারা আমাকে খোঁচালে আমিও জবাব দেব। আমি অনুষ্ঠান করব, তার পর চলে যাব। আর আপনারা যার সঙ্গে ঝামেলায় জড়াতে চাইছেন, সেই মানুষটা তো আসলে অনেক আগেই এখান থেকে চলে গিয়েছে।’
আহমেদাবাদের অনুষ্ঠান শেষে এবার মুম্বাইয়ে গাইতে যাচ্ছেন দিলজিত। আগামী ২৭ নভেম্বর শহরটির মহালক্ষ্মী রেসকোর্সে তার পরবর্তী কনসার্ট। এরপর ১৯ ডিসেম্বর কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে মঞ্চ মাতানোর কথা রয়েছে এই পাঞ্জাবি তারকার।
এসএ/