জয়কে নিয়ে অপুর ছবিতে রহস্য, কে তুলেছেন ছবি?
ছবি: সংগৃহীত
০৯:০৭ পিএম | ২২ নভেম্বর, ২০২৬
ছেলে আব্রাম খান জয়ের সঙ্গে বেশ কিছু সুন্দর মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। ছবিগুলোতে মা ও ছেলেকে একসঙ্গে সাইকেল চালাতে দেখা গেছে।
তবে ছবির চেয়েও বেশি আলোচনা তৈরি হয়েছে অপুর দেওয়া একটি ক্যাপশন ঘিরে। কে তাদের এই মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করেছেন, তা জানাতে নারাজ নায়িকা। ছবিগুলোর সঙ্গে অপু লিখেছেন, ‘ফটো ক্রেডিট: বলব না’। আর এতেই নেটিজেনদের মনে তৈরি হয়েছে নানা প্রশ্ন।

কে তুলেছেন মা-ছেলের এই আনন্দঘন মুহূর্তের ছবিগুলো? ক্যাপশনে রহস্য রেখে কি কাউকে বিশেষ ইঙ্গিত দিলেন অপু?
ছবিগুলো প্রকাশের পর থেকেই মন্তব্যের ঘরে শুরু হয়েছে জল্পনা। কারও ধারণা, ছবিগুলো তুলেছেন জয়ের বাবা ও চিত্রনায়ক শাকিব খান। আবার কেউ কেউ বলছেন, এর পেছনে থাকতে পারেন চিত্রনায়িকা পরীমনি।

তবে ছবির প্রকৃত আলোকচিত্রী কে, সে বিষয়ে অপু নিজে কিছু জানাননি। অপু বিশ্বাস ও শাকিব খানের ছেলে আব্রাম খান জয়। বাবা-মায়ের বিচ্ছেদের পরও দুজনের সঙ্গেই সময় কাটাতে দেখা যায় তাকে। বিভিন্ন সময়ে ছেলের সঙ্গে কাটানো মুহূর্তের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন অপু।
এবারও মা-ছেলের সাইকেল চালানোর ছবিগুলো ভক্তদের নজর কেড়েছে। তবে ছবির ফটো ক্রেডিট নিয়ে অপুর রহস্যময় মন্তব্যই এখন আলোচনার কেন্দ্রে।
এসএ/