পরীক্ষকদের দুর্বলতা থাকায় এত শিক্ষার্থীর ফল বদলাচ্ছে : শিক্ষামন্ত্রী
ছবি: সংগৃহীত
০৭:৫০ পিএম | ২৩ নভেম্বর, ২০২৬
পরীক্ষকদের খাতা দেখায় দুর্বলতা থাকায় এত শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
তিনি বলেছেন, শুধু সাধারণ শিক্ষা বোর্ডগুলোতেই ২৫ হাজার ৮০০ শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে।
পরীক্ষকদের পাবলিক পরীক্ষার খাতা মূল্যায়নে কতটা দুর্বলতা থাকলে পুনর্নিরীক্ষণের পর এত শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়, তা এখন ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে ‘কর্মসংস্থান সৃষ্টিতে তরুণ উদ্যোক্তা : বিশ্ববিদ্যালয়ই হতে পারে নতুন উদ্যোক্তা সৃষ্টির সূতিকাগার’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘এসএসসিতে সাড়ে চার হাজার শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে। পাঁচ হাজার শিক্ষার্থী ফেল থেকে পাস করেছে।
তিন হাজার ৮৯ জন নতুন করে জিপিএ-৫ পেয়েছে। আর এইচএসসিতে আজকে ২৫ হাজার ৮০০ জনের গ্রেড পরিবর্তন হয়েছে। তার মানে দুর্বলতাটা পরীক্ষকদের মধ্যে।’
শিক্ষামন্ত্রী বলেন, ‘আগে শিক্ষার্থীরা না লিখলেও পাস করিয়ে দেওয়ার নির্দেশনা ছিল।
এবার আমরা দেখছি, শিক্ষার্থী লিখেছে কি না, লেখাটা সঠিক হয়েছে কি না, পরীক্ষক ঠিকভাবে খাতা মূল্যায়ন করতে পারছেন কি না।’
খাতা মূল্যায়নে পরীক্ষকদের আরো দায়িত্বশীল হওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীরা উত্তরপত্রে কী লিখেছে, তা সঠিক কি না এবং পরীক্ষকরা যথাযথভাবে মূল্যায়ন করছেন কি না, সেসব বিষয় গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
ড. এহছানুল হক মিলন বলেন, ‘আমরা ১ থেকে ৭ নভেম্বরের মধ্যে দুই লাখের বেশি খাতা পুনর্মূল্যায়ন করে ফল প্রকাশ করেছি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়কে আবেদনের সময় দুই দিন বাড়াতে বলেছি।’
সাপ্লিমেন্টারি পরীক্ষার বিষয়ে তিনি বলেন, ‘আগামী ২৩ ডিসেম্বরের মধ্যে সাপ্লিমেন্টারি পরীক্ষার ফল প্রকাশ করা হবে।
ফল প্রকাশের আগে ভর্তি পরীক্ষা না নেওয়া নিয়ে উচ্চ আদালতে রিট হয়েছিল। এ সংক্রান্ত স্থগিতাদেশও প্রত্যাহার হয়েছে। ফলে কাউকে ঠেকানো যাবে না। কিন্তু আমরা অনুরোধ করেছি।’
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে স্থানীয় শিল্পপ্রতিষ্ঠানের সংযোগ স্থাপনের উদ্যোগের কথাও জানান মন্ত্রী। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে স্থানীয় শিল্পপ্রতিষ্ঠানের সংযোগ স্থাপন করা হবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) মাধ্যমে এ কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের সঙ্গে শিল্পপ্রতিষ্ঠানের সম্পৃক্ততা বাড়বে। একই সঙ্গে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার সুযোগ সৃষ্টি হবে।
কেএন/