© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গোপালগঞ্জ সদরের পর কোটালীপাড়ায়ও আ. লীগের দু’পক্ষের সংঘর্ষ

শেয়ার করুন:
গোপালগঞ্জ সদরের পর কোটালীপাড়ায়ও আ. লীগের দু’পক্ষের সংঘর্ষ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৪৩ এএম | ২৪ নভেম্বর, ২০২৬
গোপালগঞ্জ সদর উপজেলার পর এবার কোটালীপাড়ায়ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিক্ষোভ মিছিলে দাঁড়ানোকে কেন্দ্র করে দলটির দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার দক্ষিণ হিরণ গ্রামে এ সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় পাঁচটি দোকানঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় আওয়ামী লীগের একটি বিক্ষোভ মিছিল দক্ষিণ হিরণ গ্রামে পৌঁছালে মিছিলে দাঁড়ানো নিয়ে হিরণ ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও যুবলীগ নেতা মশিউর রহমানের সঙ্গে আরেক সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মুন্সী রইচ উদ্দিনের ভাই শফিকুল ইসলামের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

যুবলীগ নেতা মশিউর রহমান বলেন, ‘আওয়ামী লীগের ঘোষিত বিক্ষোভ মিছিল নিয়ে আমরা দক্ষিণ হিরণ গ্রামে পৌঁছালে জামায়াত নেতা মুন্সী রইচ উদ্দিনের ভাই শফিকুল ইসলাম লোকজন নিয়ে আমাদের ওপর হামলা করেন। হামলায় আমিসহ কয়েকজন আহত হই।’

অন্যদিকে শফিকুল ইসলাম বলেন, ‘আমার বড় ভাই বিদেশে থাকেন। তিনি কোনো রাজনীতির সঙ্গে জড়িত নন। আমি দীর্ঘদিন ধরে ছাত্রলীগ করে আসছি। আমার ভাই মুন্সী রইচ উদ্দিন আগামী হিরণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী। তাই মশিউর রহমান রাগান্বিত হয়ে আমার ওপর আগে হামলা করেন। হামলায় আমিসহ কয়েকজন আহত হয়েছি। এ ছাড়া আমাদের পাঁচটি দোকানঘর ভাঙচুর ও লুটপাট করা হয়েছে।’

এ বিষয়ে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন চন্দ্র দেবনাথ বলেন, ‘দুই পক্ষের সংঘর্ষের কথা শুনেছি। তবে এখন পর্যন্ত কেউ এ বিষয়ে অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে এদিন সন্ধ্যায় গোপালগঞ্জ সদর উপজেলায় নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে দলটির সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। শহরের পুরাতন লঞ্চঘাটের গোলচত্বরে চরমানিকদাহ ও ঘোষেরচর গ্রামের বাসিন্দাদের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন। এ সময় কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর চালানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে চরমানিকদাহ ও ঘোষেরচর গ্রামের লোকজন শহরের গোলচত্বর এলাকায় জড়ো হন। এ সময় দুই গ্রামের দুই যুবকের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন। ভাঙচুর করা হয় কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান।

খবর পেয়ে পুলিশ ও বিজিবির টহল দল ঘটনাস্থলে পৌঁছালে সংঘর্ষে জড়িতরা পালিয়ে যান। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘তদন্ত ছাড়া এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না। বিস্তারিত জেনে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

একেএস

মন্তব্য করুন