© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ডায়াবেটিস মোকাবিলায় পূর্ণাঙ্গ জাতীয় জরিপ ও স্ক্রিনিং জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

শেয়ার করুন:
ডায়াবেটিস মোকাবিলায় পূর্ণাঙ্গ জাতীয় জরিপ ও স্ক্রিনিং জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:২৯ পিএম | ২৪ নভেম্বর, ২০২৬
দেশের ক্রমবর্ধমান ডায়াবেটিস পরিস্থিতি মোকাবিলায় একটি পূর্ণাঙ্গ ও বিজ্ঞানভিত্তিক ‘জাতীয় জরিপ’ এবং কার্যকর ‘স্ক্রিনিং প্রোগ্রাম’ চালুর ওপর গুরুত্বারোপ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। একই সঙ্গে তিনি উপজেলা পর্যায়ের অসংক্রামক ব্যাধি কর্নারগুলোকে শক্তিশালী করতে ওষুধের বরাদ্দ বর্তমানের ৩০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৩ থেকে ৫ হাজার কোটি টাকায় উন্নীত করার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে খাদ্য বিষয়ক মাল্টিমিডিয়া 'ধারা নিউজ' আয়োজিত ডায়াবেটিস বিষয়ক এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ধারা-ফিটব্যাক রিসেট গোলটেবিল’ শিরোনামে ডায়াবেটিস মোকাবিলায় আমরা কতটা প্রস্তুত’ শীর্ষক এই আলোচনা অনুষ্ঠিত হয়। 

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. মুহিত বলেন, বর্তমানে দেশে প্রায় ১ কোটি ৩৯ লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। সঠিক পদক্ষেপ না নিলে ২০৫০ সালের মধ্যে এই সংখ্যা দ্বিগুণ হয়ে প্রায় ২ কোটি ৬১ লাখে পৌঁছাতে পারে। উদ্বেগজনক বিষয় হলো, আক্রান্তদের প্রায় ৪০ শতাংশই জানেন না যে তাদের ডায়াবেটিস রয়েছে। ফলে প্রকৃত রোগীর সংখ্যা ৩ কোটির কাছাকাছি হতে পারে। এ ছাড়া আক্রান্তদের মাত্র ২০ শতাংশের ডায়াবেটিস নিয়ন্ত্রণে রয়েছে, বাকি ৮০ শতাংশই নিয়ন্ত্রণের বাইরে বা চিকিৎসার আওতায় নেই।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত উল্লেখ করেন, দেশে প্রতি বছর প্রায় ৩১ হাজার মানুষ ডায়াবেটিসের কারণে অকালে মৃত্যুবরণ করেন, যা ২০ থেকে ৭৯ বছর বয়সীদের মোট মৃত্যুর ৫ শতাংশ। অথচ ডায়াবেটিসের প্রকৃত চিত্র, এর ফলে সৃষ্ট অন্ধত্ব , কিডনি ও স্নায়ুর জটিলতা নিয়ে দেশে কোনো সুনির্দিষ্ট জাতীয় জরিপ নেই। বৈশ্বিক মানদণ্ড অনুসরণ করে একটি জাতীয় জরিপ পরিচালনার মাধ্যমে সঠিক তথ্য-উপাত্ত সংগ্রহ করে নীতিনির্ধারণ করা জরুরি।



সরকারের স্বাস্থ্য খাতের দৃষ্টিভঙ্গি তুলে ধরে আন্তর্জাতিক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ প্রতিমন্ত্রী ড মুহিত বলেন, "আমরা কেবল চিকিৎসাকেন্দ্রিক স্বাস্থ্যব্যবস্থা থেকে বেরিয়ে রোগ প্রতিরোধ ও স্বাস্থ্য সুরক্ষাকেন্দ্রিক ব্যবস্থায় আসতে চাই। এ জন্য খাদ্য ও কৃষি, শিল্প, বাণিজ্য, বিজ্ঞান ও প্রযুক্তি এবং শিক্ষা মন্ত্রণালয়কে নিয়ে মাল্টিসেক্টরাল অ্যাপ্রোচ মাধ্যমে কাজ করা হচ্ছে।"

প্রধানমন্ত্রীর উদাহরণ টেনে ড. মুহিত বলেন বলেন, প্রধানমন্ত্রী নিজে পরিচ্ছন্নতা বজায় রাখা, শিশুদের জন্য খেলার মাঠ তৈরি এবং সুস্থ জীবনধারার চর্চায় উৎসাহ দিচ্ছেন। শিশুদের পাঠ্যক্রম ও সহশিক্ষা কার্যক্রমে শৈশব থেকেই স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও শারীরিক পরিশ্রমের অভ্যাস গড়ে তুলতে পারলে ভবিষ্যৎ প্রজন্মকে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের মতো অসংক্রামক রোগ থেকে রক্ষা করা সম্ভব হবে।

আগামী কর্মপরিকল্পনা তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, দেশের ২০ থেকে ২৫টি নির্বাচিত উপজেলায় সমন্বিত পাইলট প্রকল্প শুরু করতে যাচ্ছে মন্ত্রণালয়। এসব উপজেলায় এনসিডি কর্নার শক্তিশালী করার পাশাপাশি কমিউনিটি পর্যায়ে মানসিক স্বাস্থ্যসেবা, কাউন্সেলিং, প্রতিবন্ধী ব্যক্তিদের বিশেষায়িত স্বাস্থ্যসেবা এবং নারী স্বাস্থ্যের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এ ছাড়া দেশের অন্তত চারটি বিভাগীয় শহরে নারীদের ক্যানসার, ডায়াবেটিস ও কিডনি রোগের সমন্বিত চিকিৎসার জন্য বিশেষায়িত 'উইমেনস হেলথ ইনস্টিটিউট' গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি। 

ধারা নিউজের সম্পাদক খায়রুল বাশার শামীমের সঞ্চালনায় অনুষ্ঠানে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. খালেদা ইসলাম, স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক ড. আব্দুল হামিদ, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজের প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শারমিন আব্বাসী, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সেন্টার ফর হেলথ রিসার্চ অ্যান্ড ইমপ্লিমেন্টেশনের ডেপুটি ডিরেক্টর ডা. নাভিদ আহমেদ, ফিটব্যাক রিসেটের প্রধান পুষ্টিবিদ ফাহমিদা হাশেম এবং দৈনিক কালবেলার স্বাস্থ্য সম্পাদক রাশেদ রাব্বি। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটির (বিএমইউ) এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শাহজাদা সেলিম।

এমআই/


মন্তব্য করুন