© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চট্টগ্রামের নতুন ডিআইজিডিসেম্বরে নাশকতার শঙ্কা নেই, পুলিশ প্রস্তুত রয়েছে

শেয়ার করুন:
ডিসেম্বরে নাশকতার শঙ্কা নেই, পুলিশ প্রস্তুত রয়েছে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:২১ পিএম | ২৫ নভেম্বর, ২০২৬
চট্টগ্রাম রেঞ্জের নবনিযুক্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শামসুল হক বলেছেন, ডিসেম্বরকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কোনো সুনির্দিষ্ট আশঙ্কা নেই। এ নিয়ে পুলিশের কোনো নিরাপত্তা শঙ্কাও নেই। তবে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ প্রস্তুত রয়েছে। র‍্যাব, পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সমন্বয়ে নিয়মিত যৌথ টহল চলছে। কোনো অবস্থাতেই নতুন করে সন্ত্রাসীদের আস্তানা গড়তে দেওয়া হবে না।

বুধবার (২৫ নভেম্বর) বিকেলে চট্টগ্রামের আলোচিত সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ডিআইজি বলেন, আমরা কোনো অবস্থাতেই এখানে নতুন করে কোনো সন্ত্রাস সৃষ্টি হতে দেব না, অপরাধীরা আশ্রয় নেবে- সেটিও হতে দেব না। যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি ধরে রাখব। এটাই আমাদের কাজ।

তিনি আরও বলেন, জঙ্গল সলিমপুর এলাকার মানুষ এখন শান্তিপূর্ণভাবে জীবনযাপন করছেন। তাদের দৈনন্দিন কাজকর্ম ও ব্যবসা-বাণিজ্য স্বাভাবিকভাবে চলছে। এরপরও কারও কোনো সমস্যা থাকলে তা শুনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জনগণকে সঙ্গে নিয়েই পুলিশ কাজ করতে চায়। মানুষের যেন কোনো সমস্যা বা ক্ষতি না হয়, সেটিই পুলিশের সর্বোচ্চ অগ্রাধিকার।

এলাকার উন্নয়ন পরিকল্পনা নিয়ে এক প্রশ্নের জবাবে ডিআইজি বলেন, সরকার যেসব পরিকল্পনা গ্রহণ করেছে, সেগুলো সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বাস্তবায়ন করা হবে। তবে সবকিছুর ঊর্ধ্বে জনগণের স্বার্থ ও মানুষের কল্যাণকে গুরুত্ব দিতে হবে। রাস্তা নির্মাণের আগেই এলাকায় পরিবর্তন এসেছে উল্লেখ করে তিনি বলেন, প্রথমত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। সড়ক নির্মাণ সম্পন্ন হলে এলাকার মানুষের যাতায়াত, জরুরি স্বাস্থ্যসেবা গ্রহণ এবং শহরের সঙ্গে যোগাযোগ আরও সহজ হবে।

তিনি বলেন, জঙ্গল সলিমপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতির সুযোগ রয়েছে। বর্তমান পরিস্থিতিতে সন্তুষ্ট হয়ে বসে থাকতে চাই না। আরও ভালো করার লক্ষ্য নিয়ে কাজ চলছে।

ফটিকছড়িতে সাম্প্রতিক সন্ত্রাসী তৎপরতা ও অস্ত্র উদ্ধারের বিষয়ে ডিআইজি বলেন, সেখানে পুলিশের অভিযান চলছে। এ বিষয়ে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। ইতোমধ্যে বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে সব অস্ত্র উদ্ধার হয়েছে, এমন দাবি করছেন না তারা। এটি চলমান প্রক্রিয়া। অস্ত্র উদ্ধারে তথ্যদাতাদের জন্য সরকার পুরস্কার ঘোষণা করেছে। তথ্য দিলে যথাযথভাবে পুরস্কৃত করা হবে বলেও জানান তিনি।

আলোচিত সন্ত্রাসী রায়হানকে গ্রেপ্তারের বিষয়ে তিনি বলেন, তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। চট্টগ্রামের পুলিশ সুপার বিষয়টিকে গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে নিয়ে কাজ করছেন। ইতোমধ্যে ওই সন্ত্রাসীর সহযোগীদের গ্রেপ্তার করা হয়েছে। মূল হোতাকেও গ্রেপ্তার করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এ সময় অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মো. নাজিমুল হক, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক ও জনসংযোগ) মো. রাসেলসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চার দশক ধরে সরকারি পাহাড় কেটে জঙ্গল সলিমপুরে গড়ে উঠেছে কয়েক হাজার অবৈধ বসতি। এখনও সেখানে পাহাড় কেটে প্লট বাণিজ্য চলছে। এই দখল ও বাণিজ্য নিয়ন্ত্রণে এলাকায় সন্ত্রাসী বাহিনী গড়ে ওঠার অভিযোগ রয়েছে। এসব বাহিনীর সদস্যরা এলাকাটি সশস্ত্র পাহারায় রাখেন। বাসিন্দাদের প্রবেশের জন্য রয়েছে পরিচয়পত্রের ব্যবস্থা। বাসিন্দা ছাড়া বাইরের লোকজনের প্রবেশে বাধা দেওয়া হয়। এমনকি পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তারাও সেখানে প্রবেশ করতে গিয়ে একাধিকবার হামলার শিকার হয়েছেন।

এমআই/


মন্তব্য করুন