স্বাস্থ্য প্রতিমন্ত্রীঅ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার ঠেকাতে ঔষধ প্রশাসন ঢেলে সাজানো হচ্ছে
ছবি: সংগৃহীত
০৬:৪৮ পিএম | ২৫ নভেম্বর, ২০২৬
অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার রোধ ও অ্যান্টি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) মোকাবিলায় ঔষধ প্রশাসন অধিদপ্তরকে ঢেলে সাজানো হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
তিনি বলেন, এ জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সহযোগিতায় অধিদপ্তরের জনবল বৃদ্ধি ও সাংগঠনিক কাঠামো সম্প্রসারণের কাজ চলছে। এর মাধ্যমে চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।
বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর মহাখালীতে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) আয়োজিত ‘অ্যান্টি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) সার্ভেইল্যান্স : ফলাফল প্রকাশ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে প্রতি বছর প্রায় ১ লাখ ২৫ হাজার মানুষ অ্যান্টিবায়োটিক অকার্যকর হয়ে যাওয়ার কারণে মারা যান। এটি জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি। এ সংকট রাতারাতি সমাধান সম্ভব নয়। এ জন্য মেডিকেল, নার্সিং, মিডওয়াইফারি ও ফার্মেসি শিক্ষার পাঠ্যক্রমে সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ এবং অ্যান্টিবায়োটিকের যৌক্তিক ব্যবহারের বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হচ্ছে।
তিনি বলেন, দেশের প্রতিটি উপজেলায় দেড়শ শয্যার নতুন হাসপাতাল নির্মাণের পরিকল্পনা রয়েছে। এসব হাসপাতালের নকশা ও অবকাঠামো নির্মাণে বর্জ্য ব্যবস্থাপনা এবং সংক্রমণ নিয়ন্ত্রণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি ইলেকট্রনিক হেলথ রেকর্ড ও ডিজিটাল প্রেসক্রিপশন ব্যবস্থা চালু হলে কেন্দ্রীয়ভাবে ব্যবস্থাপত্র নিরীক্ষা এবং চিকিৎসকদের জবাবদিহি নিশ্চিত করা সহজ হবে।
মানুষের পাশাপাশি গবাদিপশু, হাঁস-মুরগি, মৎস্য ও পরিবেশের সুরক্ষায় ‘ওয়ান হেলথ’ বা সমন্বিত স্বাস্থ্য ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, খামার পর্যায়ে চিকিৎসকের পরামর্শ ছাড়াই পশুপাখিকে অ্যান্টিবায়োটিক খাওয়ানো হচ্ছে। এ সমস্যা মোকাবিলায় শুধু স্বাস্থ্য মন্ত্রণালয় নয়, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং পরিবেশ মন্ত্রণালয়কেও সমন্বিতভাবে কাজ করতে হবে।
হাসপাতালে সংক্রমণ প্রতিরোধে জ্যেষ্ঠ চিকিৎসক ও বিভাগীয় প্রধানদের ‘অ্যান্টিমাইক্রোবিয়াল স্টুয়ার্ডশিপ’ বা অ্যান্টিবায়োটিকের যৌক্তিক ব্যবহারে নেতৃত্বমূলক ভূমিকা পালনের আহ্বান জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী। তিনি আইইডিসিআরের চলমান এএমআর নজরদারি কার্যক্রমকে সাময়িক প্রকল্পের পরিবর্তে স্বাস্থ্য ব্যবস্থার স্থায়ী কাঠামো হিসেবে প্রতিষ্ঠার ঘোষণা দেন। একই সঙ্গে ফ্লু বা ভাইরাসজনিত সাধারণ জ্বরে অ্যান্টিবায়োটিক সেবন না করার বিষয়ে জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমের সহযোগিতা চান।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক জাহিদ রায়হান ও অধ্যাপক ডা. ফোয়ারা তাসনিম পামী, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. অ্যান্থনি এসোফোনি এবং আইইডিসিআরের পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এমআর/