মিরাজকে একাদশে না রাখার ব্যাখ্যা দিলেন শান্ত
ছবি: সংগৃহীত
১১:০১ পিএম | ২৫ নভেম্বর, ২০২৬
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্টে ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ দল। এই ম্যাচে একাদশে ৪ পেসার নিয়ে খেলেছিল তারা। একাদশে যুক্ত করা হয় জাকের আলী অনিককেও। ফলে বাদ পড়তে হয় মেহেদী হাসান মিরাজকে। এই সিদ্ধান্তের ব্যাখা দিলেন নাজমুল হোসেন শান্ত।
মিরাজকে দল থেকে সরিয়ে চার জন পেসারকে নেওয়া প্রসঙ্গে বাংলাদেশ অধিনায়ক সংবাদ সম্মেলনে বলেন, ‘এখন ম্যাচের ফল হয়ে গেছে। এখন তো অনেক কিছুই মনে হবে এটা হলে ভালো হতো, ওটা হলে ভালো হতো। ম্যাচ শুরুর আগে আমাদের মনে হয়েছে এটাই সেরা একাদশ। জাকের দুর্ভাগ্যজনকভাবে পারফর্ম করতে পারেনি। কন্ডিশন যেরকম ছিল আমাদের মনে হয়েছে চার পেসার যথেষ্ট ছিল ২০ উইকেট নেওয়ার জন্য। তবে আমরা করতে পারিনি। সেখানে আমরা ভালো বল করতে পারিনি। সামনে আমাদের পরিকল্পনার দিকেও আরেকটু নজর দিতে হবে যে কীভাবে পাঁচ বোলার নিয়ে ভালো করতে পারি।’
টেস্টে এমন কন্ডিশন, টিকে থাকার চেষ্টা নিয়ে শান্ত বলেন, ‘ব্যাটিংয়ে শুরুটা ভালো হয়েছিল। ৫০+ ওপেনিং জুটি, এই কন্ডিশনে সবচেয়ে কঠিন ব্যাপার। যারা এমন শুরু পাবে দায়িত্ব তাদের বেশি থাকবে কীভাবে ইনিংস আরও বড় করা যায়। ব্যাটারদের দায়িত্ব থাকে কীভাবে এখন আমি ৩০ রান বা ৫০ রানকে ১০০ বা ১৫০ রানে নিয়ে যাব। সামনে সবার নিজেদের ভূমিকাতে আরও বেশি দায়িত্ব নিতে হবে। পেসারদের ব্যাপারে, একসাথে সবাই অফ ফর্মে চলে গেছে জিনিসটা এরকম না।’

তিনি বলে গেলেন, ‘টানা অনেকগুলা সিরিজ খেলেছি আমরা। ওয়ানডে, টেস্ট সব। সামনে যদি আসলেই আমাদের ধারাবাহিক হতে হয় তাহলে প্রস্তুতি নেওয়ার সুযোগ দিতে হবে। পুলটা যদি আরও বড় করতে পারি, জরুরি সিরিজের আগে যেন তাদের বিশ্রাম দিয়ে সতেজ করে ফিরিয়ে আনতে পারি। জরুরি ব্যাপার হচ্ছে প্রস্তুতি নেওয়ার সুযোগ যেন পাই প্রতি সিরিজের আগে, তাহলে পারফরম্যান্সটা বের করে নিয়ে আসতে পারব।’
দক্ষিণ আফ্রিকা পারলেও বাংলাদেশ কেন পারল না, এমন প্রশ্নে শান্তর উত্তর, ‘ব্যাটিং, বোলিং, ফিল্ডিং কোনো জায়গাতেই আমরা ভালো খেলতে পারিনি। এখানে অনেক জায়গায় উন্নতির সুযোগ আছে, সবসময় আমরা উন্নতির কথা বলি। একসাথে উন্নতি করতে হবে। এমন কন্ডিশনে ক্যাচ ধরাও অনেক জরুরি। সবাই সবার ভূমিকা ঠিকভাবে পালন করবে তখন দলের কাজটা সহজ হবে।'
একেএস