© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আজ সিঙ্গেল দিবস

শেয়ার করুন:
আজ সিঙ্গেল দিবস

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:২৪ পিএম | ১১ নভেম্বর, ২০২৬
বাংলা টিভি ডেস্ক: প্রেমিক কিংবা প্রেমিকা নেই? কারও একটি মেসেজের অপেক্ষায় বারবার ফোনের স্ক্রিন দেখতে হয় না? রাতে ‘খেয়েছ?’ বলে খোঁজ নেওয়ার মতোও কেউ নেই? তাহলে মন খারাপ করার কিছু নেই। বরং আজ নিজের জন্য একটু হাসুন, নিজেকে সময় দিন। কারণ আজ ১১ নভেম্বর আন্তর্জাতিক সিঙ্গেলস ডে। বাংলাটিভি লাইভ

যারা এখনো প্রেমের সম্পর্কে জড়াননি কিংবা জীবনের কোনো পর্যায়ে সম্পর্কের বন্ধন থেকে বেরিয়ে এসেছেন, তাদের জন্য দিনটি হতে পারে নিজের সঙ্গে নতুন করে পরিচিত হওয়ার উপলক্ষ। এই দিনের মূল বার্তা হলো, জীবনে ভালো থাকতে হলে সবসময় কারও সঙ্গ প্রয়োজন হয় না। সম্পর্ক ছাড়াও জীবন হতে পারে আনন্দময়, সুন্দর ও পরিপূর্ণ।

বিশ্বের বিভিন্ন দেশে নানা আয়োজনে পালিত হয় সিঙ্গেলস ডে। দিনটির সঙ্গে জড়িয়ে রয়েছে আত্মভালোবাসা, আত্মবিশ্বাস এবং নিজের স্বাধীনতাকে উদ্‌যাপনের ভাবনা। অনেকেই একা থাকা আর নিঃসঙ্গতাকে একই বিষয় মনে করেন। কিন্তু বাস্তবে দুটি সম্পূর্ণ আলাদা। একা থাকা মানেই যে মন খারাপ করে দিন কাটানো, তা নয়। বরং নিজের পছন্দ, স্বপ্ন ও ইচ্ছাগুলোকে গুরুত্ব দেওয়ার একটি সুযোগ হতে পারে এটি।

ইতিহাসের দিকে তাকালেও দেখা যায়, অনেক বিজ্ঞানী, দার্শনিক, লেখক ও শিল্পী নিরিবিলি সময়কে কাজে লাগিয়ে অসাধারণ সব সৃষ্টি করেছেন। কোলাহল থেকে দূরে নিজের সঙ্গে কাটানো সময় অনেক সময় নতুন চিন্তা ও সৃজনশীলতার দুয়ার খুলে দেয়। তাই একা থাকা মানেই নিঃসঙ্গতায় ডুবে থাকা নয়; বরং নিজেকে নতুনভাবে আবিষ্কারেরও একটি পথ।

সিঙ্গেল থাকা মানেই জীবন অসম্পূর্ণ নয়
জীবনে ভালোবাসার মানুষ থাকা নিঃসন্দেহে আনন্দের। তবে কারও জীবনে প্রেম আছে বলেই তার জীবন বেশি সুন্দর, এমন ভাবার কারণ নেই। কেউ প্রিয় মানুষটির হাত ধরে ভবিষ্যতের স্বপ্ন দেখছেন, আবার কেউ নিজের স্বপ্ন পূরণে একাই এগিয়ে যাচ্ছেন।

দুটি জীবনযাপনের ধরনই স্বাভাবিক। সিঙ্গেল থাকা কোনো ব্যর্থতা কিংবা অপূর্ণতার পরিচয় নয়। বরং এই সময়টুকুতে নিজের লক্ষ্য নির্ধারণ, পছন্দ-অপছন্দ বোঝা এবং ব্যক্তিগত উন্নয়নে মনোযোগ দেওয়ার সুযোগ পাওয়া যায়।

সিঙ্গেলস ডের শুরু যেভাবে

সিঙ্গেলস ডে উদ্‌যাপনের ইতিহাসে যুক্তরাষ্ট্রের ২৩ সেপ্টেম্বর পালিত ‘সিঙ্গেলস ডে’র কথা উল্লেখ করা হয়। অন্যদিকে চীনে ১১ নভেম্বর দিনটি বিশেষভাবে জনপ্রিয়। তারিখটির ১১.১১ সংখ্যার চারটি একক অঙ্ক অবিবাহিত বা একা থাকা মানুষের প্রতীক হিসেবে বিবেচিত হয়।

প্রচলিত ইতিহাস অনুযায়ী, ১৯৯০-এর দশকে চীনের নানজিং বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর উদ্যোগে ১১ নভেম্বর সিঙ্গেলস ডে পালনের সূচনা হয়। পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে দিনটি দেশজুড়ে পরিচিতি পায়। বর্তমানে এটি আত্মভালোবাসা ও কেনাকাটার উৎসব হিসেবেও পরিচিত।

আজ নিজেকে ক্ষমা করুন

জীবনের পুরোনো ভুল, ব্যর্থতা কিংবা অতীতের কোনো সম্পর্কের স্মৃতি আঁকড়ে না রেখে নিজেকে ক্ষমা করুন। নিজের প্রতি কঠোর না হয়ে বরং নিজের যত্ন নেওয়ার অভ্যাস গড়ে তুলুন। যে স্বপ্নগুলো এত দিন অবহেলায় পড়ে ছিল, সেগুলো পূরণের জন্য নতুন করে পরিকল্পনা শুরু করুন।

নিজের সঙ্গ উপভোগ করুন

আজকের দিনটি নিজের মতো করে কাটান। যে কাজগুলো করতে ভালো লাগে, সেগুলোর জন্য সময় বের করুন। পছন্দের বই পড়ুন, গান শুনুন কিংবা নিজের শখের কোনো কাজে ব্যস্ত থাকুন। চাইলে নিজেকে ছোট্ট কোনো উপহারও দিতে পারেন।

নিজেকে দিন পছন্দের ট্রিট

অনেক দিন ধরে যে খাবারটি খেতে ইচ্ছা করছে, আজ সেটি খেয়ে আসুন। পছন্দের রেস্তোরাঁয় গিয়ে নিজের জন্য একটি সুন্দর সময় কাটাতে পারেন। কিংবা প্রিয় চা বা কফির কাপে চুমুক দিতে দিতে উপভোগ করুন নিজের একান্ত মুহূর্তগুলো।

নিজের পছন্দে সাজুন

অন্যের পছন্দের কথা না ভেবে আজ নিজের পছন্দকে গুরুত্ব দিন। দীর্ঘদিন ধরে কেনার কথা ভাবছেন এমন পোশাক কিনে ফেলুন। পছন্দের সাজে নিজেকে নতুনভাবে আবিষ্কার করুন। চাইলে পার্লারে গিয়ে নিজের যত্ন নিতে পারেন। মনে রাখবেন, সুন্দর দেখানোর জন্য সবসময় কারও প্রশংসার প্রয়োজন হয় না।

অলস সময় কাটাতেও দোষ নেই

আজ কোথাও যেতে বা বিশেষ কিছু করতে ইচ্ছা না হলে ঘরেই কাটিয়ে দিন পুরোটা সময়। জানালার পাশে বসে চায়ের কাপে চুমুক দিতে পারেন। দেখতে পারেন আকাশ, শুনতে পারেন প্রিয় গান কিংবা পড়তে পারেন পছন্দের কোনো বই। কোনো ব্যস্ততা ছাড়াই নিজের মতো করে সময় কাটানোও এক ধরনের আনন্দ।

সামাজিক যোগাযোগমাধ্যমের সঙ্গে নিজের জীবনের তুলনা নয়

সিঙ্গেলদের অনেকের মন খারাপের অন্যতম কারণ হয়ে ওঠে সামাজিক যোগাযোগমাধ্যম। ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে বন্ধুদের বিয়ে, বাগদান, ঘুরতে যাওয়া কিংবা প্রিয়জনের কাছ থেকে উপহার পাওয়ার ছবি দেখে নিজের জীবনকে অনেক সময় অসম্পূর্ণ মনে হতে পারে।

কিন্তু মনে রাখতে হবে, সামাজিক যোগাযোগমাধ্যমে সাধারণত মানুষ জীবনের আনন্দের মুহূর্তগুলোই বেশি প্রকাশ করে। সম্পর্কের টানাপোড়েন, ভুল বোঝাবুঝি কিংবা ব্যক্তিগত কষ্টের গল্প খুব একটা সামনে আসে না। তাই অন্যের জীবনের কয়েকটি সুন্দর ছবির সঙ্গে নিজের বাস্তব জীবনের তুলনা করা ঠিক নয়।

জীবনের প্রতিটি মানুষের গল্প আলাদা। কারও জীবনে ভালোবাসা আসে আগে, কারও জীবনে পরে। আবার কেউ নিজের মতো করেই দারুণ একটি জীবন গড়ে তোলেন। তাই সম্পর্কের অবস্থান দিয়ে নিজের সুখ কিংবা সাফল্য পরিমাপ করবেন না।

মনে রাখবেন, সব সুন্দর গল্পের কেন্দ্রে প্রেম থাকে না। কিছু গল্প তৈরি হয় আত্মবিশ্বাস, স্বপ্নপূরণ, স্বাধীনতা আর নিজের প্রতি ভালোবাসা দিয়ে। তাই একা থাকলে মন খারাপ নয়, বরং নিজের জীবনকে নিজের মতো করে সাজানোর আনন্দ খুঁজে নিন।

এমআই/

মন্তব্য করুন