বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
ছবি: সংগৃহীত
১০:০৬ পিএম | ২৬ নভেম্বর, ২০২৬
সৌদি আরবের সবচেয়ে বড় তেল শোধনাগারে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলা এবং হরমুজ প্রণালিতে জাহাজে মাইন আঘাত হানার খবরে বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম। সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেলে ১ ডলারের বেশি বৃদ্ধি পেয়েছে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৬৪ ডলার বেড়ে ৯৬ দশমিক ২৫ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড ফিউচার্স ১ দশমিক ১০ ডলার বেড়ে ৮৪ দশমিক ৭৮ ডলারে পৌঁছেছে। তবে মার্কিন থ্যাংকসগিভিং ছুটির কারণে বৃহস্পতিবার ডব্লিউটিআইয়ের কোনো লেনদেন নিষ্পত্তি হবে না।
পিভিএম অয়েল অ্যাসোসিয়েটসের বিশ্লেষক তামাস ভার্গা বলেন, আগামী মাস ও একাধিক প্রান্তিকে সম্ভাব্য সরবরাহ উদ্বৃত্ত এবং মূল্যস্ফীতি দাম অনেক বেশি বাড়ানোর যেকোনো প্রচেষ্টার ক্ষেত্রে সম্ভবত একটি ঊর্ধ্বসীমা নির্ধারণ করে দেবে। তিনি বলেন, ব্রেন্টের ভিত্তিতে নতুন লেনদেনের পরিসর প্রায় ৮৮ থেকে ৯৭ ডলারের কাছাকাছি বলে ধারণা করা হচ্ছে।
এর আগে, ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা সৌদি আরবের রাস তানুরা তেল শোধনাগার এবং রিয়াদের আর্থিক জেলায় হামলার দাবি করার পর আগের সেশনে ব্রেন্টের দাম ৩ দশমিক ৫ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম বেড়েছিল ২ শতাংশ। সৌদি আরবের সবচেয়ে বড় এই শোধনাগার এমন একটি কমপ্লেক্সের অংশ, যা সৌদি অপরিশোধিত তেলের প্রধান রপ্তানি টার্মিনাল হিসেবেও কাজ করে।
বিশ্লেষকরা বলছেন, হুথিদের সর্বশেষ এই হামলা তেলের ভূ-রাজনৈতিক ঝুঁকির প্রিমিয়াম বাড়িয়ে দেবে। তবে এ বিষয়ে মন্তব্যের অনুরোধে সৌদি সরকার ও রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকো তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।
একই সময়ে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হয়েছে; যেখানে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের যুদ্ধের আগের কাছাকাছি পর্যায়ে তেলের সরবরাহ ফিরে আসছিল। বৃহস্পতিবার ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বলেছে, প্রণালিটি অতিক্রমের চেষ্টার সময় ওমানের খাসাব বন্দরের উত্তরে সামুদ্রিক মাইন আঘাত হানায় দুটি ট্যাংকারে বিস্ফোরণের পর আগুন ধরে যায়। নৌযান দু’টির একটি ছিল ২০ লাখ ব্যারেলের বেশি অপরিশোধিত তেল বহনকারী সুপারট্যাংকার।
এএনজেডের বিশ্লেষক ড্যানিয়েল হাইন্স বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাতের বিস্তৃতি তেল প্রবাহের এই পুনরুদ্ধারের গতিকে থামিয়ে দেওয়ার ঝুঁকি তৈরি করেছে। অন্যদিকে মরগান স্ট্যানলির বিশ্লেষকরা এক নোটে বলেছেন, হরমুজ প্রণালি বহির্ভূত পথে গত সপ্তাহে মধ্যপ্রাচ্যের অপরিশোধিত তেল রপ্তানির প্রাথমিক প্রাক্কলন দৈনিক ১ কোটি ৫৩ লাখ ব্যারেলে দাঁড়িয়েছে।
২০২৭ সালের উৎপাদন নীতি নির্ধারণের জন্য ওপেক প্লাসের মন্ত্রীরা আগামী ২৯ নভেম্বর বৈঠকে বসবেন। সংযুক্ত আরব আমিরাত এই জোটে না থাকায় এবং ইরাক ও কাজাখস্তান তাদের তেল উৎপাদন সক্ষমতার প্রাক্কলন বাড়াতে ওপেক প্লাসের ওপর চাপ দেওয়ায় উৎপাদনে ভারসাম্য বজায় রাখার চ্যালেঞ্জের মুখে পড়েছেন তারা। বিষয়টি সম্পর্কে অবগত দুই ব্যক্তি বলেছেন, আসন্ন বৈঠকে ওপেক প্লাস অন্তত ২০২৭ সালের প্রথম প্রান্তিক পর্যন্ত তাদের বর্তমান তেল উৎপাদন লক্ষ্যমাত্রা বহাল রাখতে পারে।
সূত্র: রয়টার্স, এএফপি
এমআর/