তিন বছর পর মুম্বাই ইন্ডিয়ানসের নেতৃত্বে ফিরলেন রোহিত শর্মা
ছবি: সংগৃহীত
০৭:০২ পিএম | ২৭ নভেম্বর, ২০২৬
হার্দিক পান্ডিয়ার কাছে নেতৃত্ব হারানোর তিন বছর পর আবারও মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়ক হিসেবে ফিরেছেন রোহিত শর্মা। ২০২৭ আইপিএলের আগে এই ঘোষণা দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
গত সপ্তাহে আইপিএলের খেলোয়াড় ধরে রাখার (রিটেনশন) সময়সীমা শেষ হওয়ার আগে হার্দিক পান্ডিয়াকে পাঞ্জাব কিংসের কাছে দিয়ে বিনিময়ে পেসার আর্শদীপ সিংকে দলে টানে মুম্বাই। এরপরই রোহিতকে অধিনায়ক করার সিদ্ধান্ত আসে। আগামী এপ্রিলে ৪০ বছরে পা রাখতে যাওয়া রোহিত সর্বশেষ ২০২৩ মৌসুমে দলটিকে নেতৃত্ব দিয়েছিলেন। সেবার দ্বিতীয় কোয়ালিফায়ারে গুজরাট টাইটানসের কাছে হেরে বিদায় নিয়েছিল মুম্বাই। ভবিষ্যতের কথা ভেবে ২০২৪ মৌসুমের আগে গুজরাট থেকে হার্দিককে দলে ভিড়িয়ে রোহিতের জায়গায় তাকে অধিনায়ক করেছিল ফ্র্যাঞ্চাইজিটি।
হার্দিকের নেতৃত্বে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই পরের তিন মৌসুমে স্থিতিশীলতা ও ধারাবাহিকতা খুঁজে পেতে রীতিমতো সংগ্রাম করেছে। ২০২৪ সালে পয়েন্ট তালিকার তলানিতে থেকে আসর শেষ করে তারা। পরের মৌসুমে প্লে-অফে উঠলেও দ্বিতীয় কোয়ালিফায়ারে পাঞ্জাব কিংসের কাছে হেরে যায়। আর সর্বশেষ ২০২৬ আইপিএলে নবম স্থানে থেকে আসর শেষ করে দলটি।
২০২৪ সালে মুম্বাইয়ের অধিনায়ক হিসেবে নিজের প্রথম মৌসুমেই ঘরের মাঠের দর্শকদের দুয়োধ্বনি শুনতে হয়েছিল হার্দিককে। এরপর থেকেই তার নেতৃত্ব তীব্র সমালোচনার মুখে পড়ে এবং তিনি চাপে ছিলেন। ব্যাট-বলে নিজের ফর্মও ছিল গড়পড়তা। শেষ পর্যন্ত গত বছর তিনি ফ্র্যাঞ্চাইজিকে জানিয়ে দেন যে নতুন ঠিকানায় যেতে প্রস্তুত। পরিস্থিতি পর্যালোচনা করে এবং তাকে ধরে রাখার সম্ভাবনা যাচাই-বাছাই শেষে হার্দিক-আর্শদীপ অদলবদলের চুক্তিতে রাজি হয় মুম্বাই।
অধিনায়কত্বের জন্য মুম্বাই যে কয়েকজনকে বিবেচনায় রেখেছিল, রোহিত তাদের একজন। তালিকায় আরও ছিলেন যশপ্রীত বুমরা, সূর্যকুমার যাদব, তিলক বর্মা এবং নিউজিল্যান্ডের সাদা বলের অধিনায়ক মিচেল স্যান্টনার।
মুম্বাই ইন্ডিয়ানসের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় নেতৃত্ব দেওয়া অধিনায়ক রোহিত। আইপিএল ও চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টি মিলিয়ে ১৬৩ ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি, যেখানে জয় ৯৩টিতে এবং হার ৭০ ম্যাচে। তার অধীনে পাঁচবার (২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২০) আইপিএলের শিরোপা জিতেছে মুম্বাই।
এমআই/