© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আ. লীগের লোকজন ভেবে হামলা, গাড়ির ভেতরে ইসলামী বক্তা বলছিলেন ‘আল্লাহ বাঁচাও, ডাকাত’

শেয়ার করুন:
আ. লীগের লোকজন ভেবে হামলা, গাড়ির ভেতরে ইসলামী বক্তা বলছিলেন ‘আল্লাহ বাঁচাও, ডাকাত’

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:১৬ পিএম | ২৭ নভেম্বর, ২০২৬
নেত্রকোণায় মাহফিল থেকে ফেরার পথে নওমুসলিম ইসলামী বক্তা ওয়াসেক বিল্লাহ নোমানীর গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন মনে করে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তার গাড়ি থামানোর চেষ্টা করেন। পরে তারা গাড়িটিকে ধাওয়া করেন। এ সময় ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার করে মানুষের সাহায্য চান নোমানী।

শহরের চল্লিশা এলাকার বাইপাস সড়কে বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে।

এতে দেখা যায়, নোমানী বলছেন, ‘আমাদেরকে বাঁচান, আমাদেরকে ডাকাতে আক্রমণ করছে, আমাদেরকে বাঁচান, আল্লাহ তুমি হেফাজত কর। ডাকাতে আক্রমণ করছে আমাদেরকে, আল্লাহ তুমি বাঁচাও। আমি নওমুসলিম অয়াসেফ বিল্লাহ নোমানী, আমাকে ডাকাতে আক্রমণ করছে, আল্লাহ তুমি বাঁচাও।’

নোমানীর সফরসঙ্গীদের বরাতে ইসলামী আন্দোলনের নেতা মাওলানা আব্দুল কাইয়ুম দ্য দেশের একটি গণমাধ্যমকে বলেন, ‘ওয়াজ মাহফিল শেষে গভীর রাতে নোমানীসহ অন্যরা নেত্রকোণার একটি ফিলিং স্টেশন থেকে জ্বালানি নিয়ে পূর্বধলায় নিজেদের বাড়ির উদ্দেশে রওনা দেন। পথে চল্লিশা এলাকার বাইপাস সড়কে লাঠি হাতে কয়েকজন তাদের গাড়ি থামানোর চেষ্টা করেন। তাদের ডাকাত সন্দেহ করে চিৎকার করেন নোমানী। গাড়ি না থামিয়ে সামনে এগিয়ে যাওয়ার নির্দেশ দেন তিনি। পরে আরও কয়েকজন মোটরসাইকেলে গাড়িটির পিছু নিয়ে হামলা চালান।’

তিনি বলেন, ‘পরিস্থিতি বেগতিক দেখে নোমানী গাড়িটি ঘুরিয়ে থানার দিকে রওনা দেন। তবে থানার পথে যাওয়ার সময়ও হামলা থামেনি। হামলাকারীরা গাড়ির পেছনের কাচসহ বিভিন্ন অংশ ভাঙচুর করেন। এ সময় ‘‘ডাকাত ডাকাত’’ বলে চিৎকার করতে থাকেন নোমানী।’

‘থানায় পৌঁছানোর পর তারা জানতে পারেন, রাস্তায় পাহারার দায়িত্বে থাকা সরকারদলীয় লোকজন তাদের গাড়িটি থামানোর চেষ্টা করেছিলেন। গাড়ি না থামানোয় তারা ভেবেছিলেন, এতে আওয়ামী লীগের লোকজন রয়েছেন। এই ভুল ধারণা থেকেই তারা হামলা চালান’, বলেন আব্দুল কাইয়ুম।

জানতে চাইলে নেত্রকোণার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের দেশের একটি গণমাধ্যমকে বলেন, ‘এটা ভুল-বোঝাবুঝি ছিল। ঘটনাটি সংসদ সদস্য আনোয়ারুল হককে জানানো হয়েছে। তিনি উভয়পক্ষের সঙ্গে কথা বলেছেন। এটা কোনো ডাকাতির ঘটনা নয়।’

নেত্রকোণা-২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মো. আনোয়ারুল হক দেশের একটি গণমাধ্যমকে বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন গুপ্ত হামলা করে ইদানীং জ্বালাও-পোড়াও করছে। এ ছাড়া রাতে আওয়ামী লীগের লোকজন আমাদের এলাকায় ঢুকে মিছিল করতে পারে, আগুন দিতে পারে, এমন খবরও আমাদের কাছে ছিল। এজন্য বিভিন্ন জায়গায় আমাদের লোকজন পাহারায় ছিলেন।’

‘গাড়িটি যাওয়ার সময় আমাদের লোকজন থামার সংকেত দিয়েছিলেন। কিন্তু চালক না থামিয়ে বেপরোয়া গতিতে লোকজনের ওপর দিয়ে চালিয়ে যাচ্ছিলেন। এতে আমাদের লোকজনের ধারণা হয়, হয়তো গাড়িতে ফ্যাসিস্টের লোকজন রয়েছেন। এ কারণে তারা গাড়িটির পিছু নিয়েছিলেন। অন্যদিকে, নোমানী “ডাকাত ডাকাত” বলে চিৎকার শুরু করেন। তিনি গাড়ি থামালে এমনটা হতো না। এ ঘটনার জন্য আমরা তাকে সরি বলেছি। এটি একটি ভুল-বোঝাবুঝি ছিল,’ বলেন তিনি।

আনোয়ারুল হক আরও বলেন, ‘এরপরও আমাদের কোনো নেতাকর্মী তাদের সঙ্গে অশালীন আচরণ করে থাকলে, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

আরআই/

মন্তব্য করুন