© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাণিজ্যমন্ত্রী সফল, কারণ তিনি বাজার ঠান্ডা রাখেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শেয়ার করুন:
বাণিজ্যমন্ত্রী সফল, কারণ তিনি বাজার ঠান্ডা রাখেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:১৮ পিএম | ২৭ নভেম্বর, ২০২৬
বাজার নিয়ন্ত্রণে রেখে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখায় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরকে ‘সফল’ বলে আখ্যায়িত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। গত রমজানে মানুষ স্বস্তিতে বাজার করতে পেরেছে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, আগামী রমজানেও একই স্বস্তি বজায় থাকবে।

শুক্রবার (২৭ নভেম্বর) সিলেট জেলা স্টেডিয়ামে ‘রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিলেটের আঞ্চলিক ভাষায় বাণিজ্যমন্ত্রীর প্রশংসা করে হুমায়ুন কবির বলেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সফল বাণিজ্যমন্ত্রী আব্দুল মুক্তাদির সাহেব। সফল এ কারণে কই, তাইন বাজার ঠান্ডা রাখুইন সবসময় এবং বাজার আমরার ক্রয় নিয়ন্ত্রণে রাখুইন।’

তিনি আরও বলেন, ‘গত রোজা তো আরামে খাইছি, আগামী রোজা তো আরামে খাইমু। এবং এই ব্যবস্থা করছেন কে? আমরার সিলেটের কৃতী সন্তান, সিলেট-১ আসনের এমপি জননেতা আব্দুল মুক্তাদির।’

বক্তব্যে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের প্রশংসা করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে দেশের ক্রীড়াঙ্গনে যুগান্তকারী ভূমিকা রাখবেন তিনি। এ সময়ের মধ্যে আমিনুল হক বাংলাদেশের শ্রেষ্ঠ ক্রীড়ামন্ত্রী হিসেবে পরিচিতি পাবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

সিলেটের ক্রীড়াঙ্গনের উন্নয়নে ক্রীড়া প্রতিমন্ত্রীর সহযোগিতার কথা উল্লেখ করে হুমায়ুন কবির বলেন, সিলেটের ক্রীড়া উন্নয়ন নিয়ে কোনো দাবি জানালে তিনি কখনো না করেন না।

এ সময় মন্ত্রীদের ফুটবল খেলার প্রসঙ্গও তোলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘আমরা তো সব সময় টেলিভিশনে বা রাজনৈতিক অনুষ্ঠানে কথা বলি। যদি সুযোগ দেন, বাণিজ্যমন্ত্রীর একটা পেনাল্টি কিক দেখতে পারি, শ্রমমন্ত্রীর একটা পেনাল্টি কিক দেখতে পারি। আর আমি ক্ষুদ্র মন্ত্রী, আমারও একটা দেখতে পারেন।’

রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের স্মৃতিচারণ করে তিনি বলেন, তিনি ছিলেন সিলেটের শ্রেষ্ঠ সন্তানদের একজন। তার নানা গুণাবলি থেকে সবার শিক্ষা নেওয়া উচিত। ঐতিহ্যবাহী, ভদ্র ও শিক্ষানুরাগী পরিবারটি জাতীয় রাজনীতিতে নেতৃত্ব দিয়েছে উল্লেখ করে তিনি পরিবারটির ভালো গুণাবলি দৈনন্দিন জীবনে চর্চা এবং স্মরণ রাখার আহ্বান জানান।

এমআই/


মন্তব্য করুন