যাত্রীবেশে উঠার দাবিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জে চলন্ত বাসে আগুন দিলো দুর্বৃত্তরা
ছবি: সংগৃহীত
০১:৪১ এএম | ২৮ নভেম্বর, ২০২৬
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে যাত্রীবাহী একটি চলন্ত বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। যাত্রীর ছদ্মবেশে বাসে উঠে দুই যুবক আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে গেছেন বলে জানিয়েছেন বাসটির হেলপার।
শুক্রবার (২৭ নভেম্বর) রাত ৯টা ৪০ মিনিটের দিকে সিদ্ধিরগঞ্জের মৌচাক ইউটার্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আগুনে বাসটির বেশির ভাগ অংশ ক্ষতিগ্রস্ত হলেও ভেতরে থাকা যাত্রীরা দ্রুত নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী ও বাস সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, সিফাত নামের এক ব্যবসায়ীর মালিকানাধীন মেঘলা পরিবহনের বাসটি শুক্রবার রাতে ভুলতা গাউছিয়া এলাকা থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়। বাসটিতে তখন ১০ থেকে ১২ জন যাত্রী ছিলেন। পথে সিদ্ধিরগঞ্জের ১০ তলা সংলগ্ন এলাকা থেকে আরও দুই যুবক বাসে ওঠেন। তারা সাধারণ যাত্রীর মতো বাসের পেছনের দিকে গিয়ে বসেন।
বাসটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেন ধরে মৌচাক ইউটার্ন এলাকায় পৌঁছালে ওই দুই যুবক বাস থেকে নেমে যান। এর কিছুক্ষণের মধ্যেই বাসে আগুন জ্বলে ওঠে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়তে শুরু করলে বাসের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে তারা দ্রুত বাস থেকে নেমে নিরাপদ স্থানে সরে যান।
বাসটির হেলপার তানজিল বলেন, ১০ থেকে ১২ জন যাত্রী নিয়ে তারা ঢাকার দিকে যাচ্ছিলেন। সিদ্ধিরগঞ্জের ১০ তলা সংলগ্ন এলাকা থেকে দুই যুবক বাসে উঠে পেছনের সিটে বসেন। মৌচাক ইউটার্নের সামনে এসে তারা বাস থেকে নেমে যাওয়ার পরপরই আগুন ধরে যায়। এ সময় অন্য যাত্রীরা চিৎকার করে দ্রুত বাস থেকে নেমে যান।
ঘটনার পরপরই স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। তাদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে বাসটির উল্লেখযোগ্য অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বাসে আগুন দেওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। ক্ষতিগ্রস্ত বাসটি ডাম্পিংয়ে রাখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পুলিশ জানিয়েছে, বাসে আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম চলছে।
এমআই/