প্রত্যাহারের তিন দিন পরও থানা ছাড়েননি ওসি, বললেন ‘সময় লাগবে’
ছবি: সংগৃহীত
০১:৪৬ এএম | ২৮ নভেম্বর, ২০২৬
ফেনীর দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়জুল আজিম নোমানকে থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে নির্দেশের তিন দিন পেরিয়ে গেলেও তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেননি। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) বিকেলে একটি আপত্তিকর ফোনালাপ ফাঁসের ঘটনায় তাকে দাগনভূঞা থানা থেকে প্রত্যাহারের নির্দেশ দেয়া হয়। ফোনালাপটি কার্যক্রম নিষিদ্ধ পৌর যুব মহিলা লীগের সভাপতি তাসকিরা তানিন সনির সঙ্গে সংশ্লিষ্ট বলে জানা গেছে। তবে শুক্রবার (২৭ নভেম্বর) পর্যন্ত ওসি নোমান দায়িত্ব হস্তান্তর না করায় বিষয়টি নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা-সমালোচনা চলছে।
এর আগেও আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগে বিতর্কে জড়িয়েছিলেন এই পুলিশ কর্মকর্তা। গত ১০ আগস্ট জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক একটি অভিযোগ এজাহার হিসেবে রেকর্ড করার নির্দেশ দিলেও তা বাস্তবায়ন না করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। অভিযোগটি ছিল দাগনভূঞা উপজেলার মোমারিজপুর গ্রামের রাকিব হাসানের স্ত্রী বিবি মারজাহানের।
ওই ঘটনায় বিচারক অভিযোগ তদন্ত এবং সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। একই সঙ্গে ওসি নোমানের দায়িত্ব পালনের সক্ষমতা নিয়েও প্রশ্ন তোলেন। পরবর্তী সময়ে তার বিরুদ্ধে পুলিশি তদন্ত কমিটি গঠন করা হলেও তদন্তের ফলাফল এখনও প্রকাশ্যে আসেনি।
এদিকে স্থানীয়দের অভিযোগ, দাগনভূঞা থানায় দায়িত্ব পালনকালে রাজনৈতিক পরিচয়ে হয়রানি, গ্রেপ্তার ও মামলা নিয়ে বাণিজ্য, মাদক কারবারিদের সঙ্গে সখ্য এবং সাধারণ মানুষের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের মতো বিভিন্ন অভিযোগে জড়িয়েছেন নোমান। নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক তদন্তের ফলাফল জানা যায়নি।
স্থানীয় বাসিন্দাদের দাবি, থানায় সাধারণ সেবা নিতে গিয়েও অনেককে ভোগান্তির শিকার হতে হয়েছে। জিডি ও মামলা গ্রহণে অর্থ দাবি কিংবা অর্থ ছাড়া সেবা দিতে অনীহার অভিযোগও তুলেছেন কেউ কেউ। পাশাপাশি এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই ও হামলার ঘটনা বেড়ে যাওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তারা।
অন্যদিকে, দায়িত্ব হস্তান্তরে বিলম্বের পেছনে প্রশাসনিক ও আইনি প্রক্রিয়ার বিষয়টি কাজে লাগিয়ে সুবিধা নেয়ার চেষ্টা করা হচ্ছে বলেও একাধিক সূত্রের দাবি। তবে এ বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
দায়িত্ব হস্তান্তরে বিলম্বের বিষয়ে ওসি ফয়জুল আজিম নোমান বলেন, দায়িত্ব বুঝিয়ে দেওয়া ও নিজের জিনিসপত্র গোছাতে একটু সময় লাগবে। বিভাগীয় সিদ্ধান্ত অমান্য করার কোনো সুযোগ নেই।
দাগনভূঞা থানার ওসি (তদন্ত) ফেরদৌসি আক্তার বলেন, এখনও দায়িত্ব বুঝে পাইনি।
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সাইফুল ইসলাম জানান, দায়িত্ব হস্তান্তরে কিছুটা বিলম্ব হলেও শুক্রবারের মধ্যে নোমান থানা থেকে বিদায় নিয়ে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত হবেন। এ ক্ষেত্রে গড়িমসির কোনো সুযোগ নেই। তার স্থলাভিষিক্ত হিসেবে এখনো কাউকে পদায়ন করা হয়নি। আপাতত ওসি (তদন্ত) থানার দায়িত্ব পালন করবেন বলে জানান তিনি।
এমআই/