পরিবেশমন্ত্রীর বাড়িতে বহিষ্কৃত ছাত্রদল নেতার হামলাচেষ্টার অভিযোগ, আহত ২০
ছবি: সংগৃহীত
১২:৩৫ এএম | ২৮ নভেম্বর, ২০২৬
ফেনীর দাগনভূঞায় পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর বাড়িতে হামলার চেষ্টার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় দাগনভূঞা পৌরসভার আলাইয়ারপুর এলাকায় বদরের নেছা উচ্চ বিদ্যালয়ের সামনে বহিষ্কৃত ছাত্রদল নেতা কাজী জামশেদুর রহমান ফটিকের নেতৃত্বে একটি দল হামলা চালায় বলে স্থানীয়দের অভিযোগ। পরে গ্রামবাসীর ধাওয়ায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে হামলাকারীরা পালিয়ে যায় বলে জানা গেছে।
এ ঘটনার পর বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় দুটি মোটরসাইকেল আগুনে পুড়িয়ে দেওয়া হয় এবং আরও অন্তত ১২টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
স্থানীয়দের দাবি, বহিষ্কৃত জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি কাজী জামশেদুর রহমান ফটিকের নেতৃত্বে একটি দল সেখানে হামলা চালায়। পরে গ্রামবাসী তাদের ধাওয়া করলে সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। তাদের মধ্যে আবুল বাশার, হৃদয় সওদাগর, মেহেদী হাসান, ফয়সাল, শিবলু, মহিবুল ইসলাম রাজু, জহিরুল হক, তানভীর, শামীম ও ইয়াকুব আলীর নাম জানা গেছে।
আহতদের প্রায় সবাই দাগনভূঞা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী সাইফুল আলম স্বপনের ছোট ভাই এবং জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি কাজী জামশেদুর রহমান ফটিক ও শ্রমিক দল নেতা জসিম উদ্দিনের সমর্থক বলে দাবি করা হচ্ছে।
কাজী জামশেদুর রহমান ফটিকের দাবি, তিনি পূর্বচন্দ্রপুর ইউনিয়নে যুবদল নেতা রফিকসহ একটি কর্মসূচিতে অংশ নিতে যাচ্ছিলেন। পথে বদরের নেছা উচ্চ বিদ্যালয় পার হওয়ার পর উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি জসিমের নেতৃত্বে তাদের ওপর হামলা করা হয়।
এ সময় তাদের বহরের দুটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে এবং ১০ থেকে ১২টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। আরও কয়েকটি মোটরসাইকেল আটকে রাখা হয়েছে। হামলায় অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।
তবে অভিযোগ অস্বীকার করে জসিম উদ্দিন বলেন, ছাত্রদল থেকে বহিষ্কৃত নেতা কাজী ফটিক ও তার ভাই পলাশের নেতৃত্বে একটি দল উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেনের বাড়িতে হামলার উদ্দেশ্যে আসে। এ সময় আলাইয়ারপুর গ্রামবাসীসহ স্থানীয়রা তাদের প্রতিরোধ করেন। একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে এবং দুটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।
দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক ও পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর ছোট ভাই আকবর হোসেন দেশের একটি গণমাধ্যমকে বলেন, ‘দাগনভূঞায় আজকের অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমি তীব্র নিন্দা জানাই। জানতে পেরেছি, মাদক কারবার সংক্রান্ত বিষয়ে দুই গ্রুপের মধ্যে ঝামেলা হয়। ওই ঘটনায় ইসমাঈল নামে একজন আহত হন। পরে রাতে দল থেকে বহিষ্কৃত একজন তার বক্তব্যে হুমকি দেন যে, ‘‘দাগনভূঞায় আজ ভিন্ন রূপ দেখা যাবে’’। তিনি আজ তার বক্তব্য অনুযায়ী ভিন্ন রূপ দেখাতে এসব করছেন।’
উপজেলা বিএনপির আহ্বায়ক আরও বলেন, ‘আজকের ঘটনার বিষয়ে এলাকাবাসীর কাছ থেকে জানতে পেরেছি, বহিষ্কৃত ওই ব্যক্তি ও তার ভাইয়ের নেতৃত্বে আলাইয়ারপুরে শ্রমিক দল নেতা জসিমকে মারার জন্য খুঁজতে যান। তাকে না পেয়ে তার বাড়িতে (পরিবেশমন্ত্রীর বাড়িতে) হামলা করতে যান। তখন এলাকাবাসী তাদের ধাওয়া করে। আমি শান্তি চাই, শান্ত পরিবেশ চাই, যেন দাগনভূঞার মানুষ নিরাপদে ও শান্তিতে ব্যবসা ও বসবাস করতে পারেন।’
আকবর হোসেন আরও জানান, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। তবে তিনি শুনেছেন, দলের বহিষ্কৃত এক নেতার নেতৃত্বে একটি দল তার বাড়িতে হামলার উদ্দেশ্যে এসেছিল। এ সময় এলাকাবাসী তাদের প্রতিরোধ করেন।
দাগনভূঞা থানার ওসি (তদন্ত) ফেরদৌসী বেগম দেশের একটি গণমাধ্যমকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। সংঘর্ষের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।’
এমআই/