দেশে ফিরছেন কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নেতাকর্মীরা, সীমান্তে শীর্ষ নেতাদের তৎপরতা
ছবি: সংগৃহীত
১১:৩১ এএম | ২৮ নভেম্বর, ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক কয়েকজন শীর্ষ নেতাকে সম্প্রতি ভারত-বাংলাদেশ সীমান্তের একাধিক এলাকায় দেখা গেছে। জুলাই গণহত্যা মামলার আসামি এসব নেতা চলতি নভেম্বর মাসে পশ্চিমবঙ্গের পেট্রাপোল ও ত্রিপুরার আখাউড়া সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন। তাদের এসব সফর ঘিরে দেশে ফেরার সম্ভাবনা এবং দলীয় পরিকল্পনা নিয়ে আলোচনা তৈরি হয়েছে।
বিবিসি বাংলার শনিবারের এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা দেওয়ার পর আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব একাধিক পরিকল্পনা তৈরি করে রেখেছে। এসব পরিকল্পনার অংশ হিসেবেই নেতারা সীমান্তবর্তী এলাকাগুলো ঘুরে দেখছেন বলে দলীয় সূত্রের বরাতে জানা গেছে। তবে কোন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন শেখ হাসিনা।
প্রতিবেদন অনুযায়ী, গত ২২ নভেম্বর পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার পেট্রাপোল সীমান্ত এলাকায় যান আওয়ামী লীগের কয়েকজন নেতা। এর তিন দিন পর, ২৫ নভেম্বর তারা আগরতলার কাছাকাছি আখাউড়া সীমান্ত এলাকা পরিদর্শন করেন। সেখানে জাহাঙ্গীর কবীর নানক, আলাউদ্দিন নাসিম, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ সাত-আটজন শীর্ষ নেতা উপস্থিত ছিলেন।
দুটি সীমান্ত এলাকাতেই নেতারা ভারতীয় নিরাপত্তা বলয়ের ভেতরে প্রবেশ করেননি। বাইরে থেকেই পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন। স্থানীয় ভারতীয় কর্মকর্তাদের সাথে তাদের কোনো বৈঠক হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে কয়েকটি সূত্রের দাবি, ভারতীয় কর্মকর্তারা তাদের চলাচলের ওপর দূর থেকে নজর রেখেছিলেন।
এদিকে, ত্রিপুরায় অবস্থানরত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতাদের সাথেও সীমান্ত পরিদর্শনে যাওয়া নেতাদের আলোচনা হয়েছে বলে জানিয়েছে বিবিসি বাংলা। আখাউড়া সীমান্ত এলাকায় যাওয়া নেতাদের কয়েকজন এর আগে পেট্রাপোলেও গিয়েছিলেন। তাদের মধ্যে অন্তত দুজন এরই মধ্যে আগরতলা ছেড়েছেন। বাকিদের শুক্রবার ত্রিপুরা থেকে ফেরার কথা ছিল।
আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মীর বরাতে বিবিসি বাংলা জানিয়েছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর ভারতসহ বিভিন্ন দেশে আশ্রয় নেওয়া দলটির নেতাকর্মীদের কেউ কেউ দেশে ফিরতে শুরু করেছেন। দেশে ফিরে গ্রেফতারসহ যেকোনো পরিস্থিতির মুখোমুখি হওয়ার মানসিক প্রস্তুতিও নিচ্ছেন অনেকে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত দেড় মাসে প্রায় ৩০০ তরুণ ও যুবক বাংলাদেশে ফিরেছেন। তাদের মধ্যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ-যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী রয়েছেন। ভারত ছাড়াও অন্য কয়েকটি দেশে অবস্থান করা আওয়ামী লীগের কিছু নেতাকর্মী দেশে ফিরেছেন বলে জানা গেছে। তবে তাদের প্রকৃত সংখ্যা প্রকাশ করতে চাইছেন না দলটির নেতারা। তাদের আশঙ্কা, তথ্য প্রকাশ হলে দেশে ফেরা ব্যক্তিদের শনাক্ত করে গ্রেফতার করা হতে পারে।
এদিকে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধের বিষয়ে এখনো কোনো ইতিবাচক সাড়া দেয়নি ভারত। সম্প্রতি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, বিষয়টি তারা পর্যালোচনা করছেন।
তবে ভারতের বিশ্লেষকদের অনেকে মনে করছেন, প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর সম্ভাবনা নেই।
অন্যদিকে, একটি ল’ ফার্মের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা। তবে তাকে পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট দেওয়ার সম্ভাবনাও নাকচ করেছে দেশটির সরকার। ফলে আইনি প্রক্রিয়ায় তার দেশে ফেরার পথ এখনো স্পষ্ট নয়।
কেএন/