'জাতীয় ফুপু' দীপা খন্দকারের জন্মদিন আজ
ছবি: সংগৃহীত
০৪:১৫ পিএম | ২৮ নভেম্বর, ২০২৬
ছোট পর্দায় কখনো ফাতিমা ফুফু, কখনো রুকাইয়া চাচি—বিভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী দীপা খন্দকার। পর্দায় তাঁর সাবলীল অভিনয় আর চরিত্রের সঙ্গে মিশে যাওয়ার দক্ষতার কারণে দর্শকের কাছে তিনি পরিচিত ‘জাতীয় ফুপু’ হিসেবেও। আজ এই অভিনেত্রীর জন্মদিন।
দীর্ঘ অভিনয়জীবনে নানা ধরনের চরিত্রে নিজেকে প্রমাণ করেছেন দীপা। তাঁর অভিনয়জীবনের শুরু টেলিভিশন নাটক ‘কাকতাড়ুয়া’ দিয়ে। এরপর একের পর এক নাটকে অভিনয় করে দর্শকের কাছে পরিচিত হয়ে ওঠেন তিনি। তাঁর উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘মেঘে ঢাকা মানুষ’, ‘এবং আমি’, ‘অন্ধকারের ফুল’, ‘ঘর সংসার’, ‘মহুয়া’, ‘স্বপ্নভোগ’, ‘সোসাইটি’ ও ‘সখী কুটুম’।

‘এটা আমাদেরই গল্প’ নাটকে ফাতিমা ফুফু এবং ‘ফিরে আসার গল্প’ নাটকে রুকাইয়া চাচি চরিত্রে অভিনয় করে বিশেষভাবে আলোচনায় আসেন দীপা। চরিত্রের ধরন অনুযায়ী নিজেকে পর্দায় উপস্থাপন করার দক্ষতা তাঁকে আলাদা পরিচিতি এনে দিয়েছে। অভিনয়ের পাশাপাশি উপস্থাপিকা হিসেবেও প্রশংসা পেয়েছেন তিনি। ‘হাউস ওয়াইফ’ শিরোনামের একটি টেলিভিশন অনুষ্ঠান উপস্থাপনা করে দর্শকের নজর কাড়েন এই অভিনেত্রী।
শুধু ছোট পর্দাতেই নয়, বড় পর্দাতেও নিজের অভিনয়দক্ষতার পরিচয় দিয়েছেন দীপা। শাকিব খান অভিনীত ২০১৮ সালের সিনেমা ‘ভাইজান এলো রে’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় তাঁর। এরপর গোলাম মুস্তোফা পরিচালিত কানাডার চলচ্চিত্র ‘এ ফাদার্স ডায়েরি’তে মায়ের চরিত্রে অভিনয় করেন তিনি।
২০২৪ সালে দীপা অভিনীত তিনটি সিনেমা মুক্তি পায়। এগুলো হলো ‘মোনা: জ্বীন ২’, ‘রিভেঞ্জ’ ও ‘ডার্ক ওয়ার্ল্ড’। নাটক ও সিনেমার পাশাপাশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবেও কাজ করে নিজের বহুমুখী প্রতিভার স্বাক্ষর রেখেছেন এই অভিনেত্রী।
বিভিন্ন মাধ্যমে বৈচিত্র্যময় চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে দর্শকের ভালোবাসা অর্জন করে চলেছেন দীপা খন্দকার। জন্মদিনে তাঁর জন্য রইল শুভেচ্ছা ও আগামীর পথচলার শুভকামনা।
এসএ/