মাত্র ৩৮ বছর বয়সে মারা গেলেন ডব্লিউডব্লিউই তারকা ব্রনসন রিড
ছবি: সংগৃহীত
০৪:৫০ পিএম | ২৮ নভেম্বর, ২০২৬
মাত্র ৩৮ বছর বয়সে মারা গেছেন ডব্লিউডব্লিউই তারকা ও অস্ট্রেলীয় রেসলার ব্রনসন রিড। তার প্রকৃত নাম জারমেইন হ্যালি।
চিকিৎসাজনিত জটিলতার কারণে শুক্রবার (২৭ নভেম্বর) তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ডব্লিউডব্লিউই। তবে ঠিক কী ধরনের শারীরিক জটিলতায় তার মৃত্যু হয়েছে, তা বিস্তারিত জানায়নি প্রতিষ্ঠানটি। এক বিবৃতিতে ডব্লিউডব্লিউই জানায়, ব্রনসন রিডের মৃত্যুতে তারা গভীরভাবে শোকাহত। তার পরিবার, বন্ধু, সহকর্মী ও ভক্তদের প্রতি সমবেদনা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
সর্বশেষ ৭ নভেম্বর সৌদি আরবে ক্রাউন জুয়েল চ্যাম্পিয়নশিপে দেখা গিয়েছিল ব্রনসনকে। ওই অনুষ্ঠানে তার সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল না। তবে তার দল ‘দ্য ভিশন’-এর সদস্য ব্রন ব্রেকার ও অস্টিন থিওরির একটি ম্যাচে হস্তক্ষেপ করেন তিনি। পরে ওবা ফেমির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে মঞ্চ থেকে টেবিলের ওপর পড়ে যান রিড।

বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছিল, ওই ঘটনায় তার পাঁজরের হাড় ভেঙে যায় এবং ফুসফুসে আঘাত লাগে। কিডনিতেও আঘাত পাওয়ার খবর প্রকাশিত হয়েছিল। চিকিৎসার জন্য সৌদি আরবেই থাকতে হয়েছিল তাকে। পরে ১৮ নভেম্বর দেশে ফেরেন এই রেসলার। তবে ক্রাউন জুয়েলে পাওয়া আঘাতের সঙ্গে তার মৃত্যুর কোনো যোগসূত্র রয়েছে কি না, তা নিশ্চিত করেনি ডব্লিউডব্লিউই।
ডব্লিউডব্লিউইর ‘দ্য ভিশন’ দলের সদস্য ছিলেন ব্রনসন রিড। দলটিতে আরো ছিলেন ব্রন ব্রেকার, সেথ রলিন্স ও পল হেইম্যান। রোমান রেইনসের সঙ্গে তার দ্বৈরথও বেশ আলোচিত হয়েছিল। ২০২৫ সালের অক্টোবরে অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠিত ‘ক্রাউন জুয়েল’-এ অস্ট্রেলিয়ান স্ট্রিট ফাইটে রেইনসকে হারিয়েছিলেন তিনি। এটি ছিল তার ক্যারিয়ারের অন্যতম বড় জয়।
২০০৭ সালে অস্ট্রেলিয়ায় রেসলিং ক্যারিয়ার শুরু করেন রিড। আন্তর্জাতিক অঙ্গনে জোনা রক নামেও পরিচিত ছিলেন তিনি। ২০১৯ সালে ডব্লিউডব্লিউইতে যোগ দিয়ে এনএক্সটি নর্থ আমেরিকান চ্যাম্পিয়নশিপ জেতেন। ২০২১ সালে প্রতিষ্ঠানটি ছাড়ার পর নিউ জাপান প্রো-রেসলিং ও ইমপ্যাক্ট রেসলিংয়ে কাজ করেন। ২০২২ সালে আবারও ডব্লিউডব্লিউইতে ফেরেন।
মৃত্যুকালে স্ত্রী পেইজ ও এক কন্যাসন্তান রেখে গেছেন রিড। তার স্ত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা। ডব্লিউডব্লিউই তাকে শুধু একজন শক্তিশালী পারফরমার নয়, বরং পরিবারের প্রতি নিবেদিত একজন মানুষ ও সহকর্মীদের প্রিয়জন হিসেবেও স্মরণ করেছে।
এসএ/