© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইউটিউবে ইতিহাস গড়লেন সময় রায়না

শেয়ার করুন:
ইউটিউবে ইতিহাস গড়লেন সময় রায়না

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:১৯ পিএম | ২৮ নভেম্বর, ২০২৬
একসময় বিতর্কে পড়ে ইউটিউব থেকে নিজের জনপ্রিয় শো সরিয়ে নিতে হয়েছিল। সেই ধাক্কা সামলে আবারও ফিরেছেন পর্দায়। এবার ইউটিউবে নতুন ইতিহাস গড়লেন ভারতীয় কমেডিয়ান সময় রায়না। বিশ্বের প্রথম ইউটিউবার হিসেবে তার চ্যানেলের মেম্বার সংখ্যা ছাড়িয়েছে ১০ লাখের মাইলফলক। ডিজিটাল দুনিয়ায় তার ক্যারিয়ারে এটি এক অনন্য অর্জন।

বলিউড হাঙ্গামার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সময়ের এই সাফল্যকে স্বীকৃতি দিয়েছে গুগল ইন্ডিয়াও। প্রতিষ্ঠানটির এক ব্লগ পোস্টে বলা হয়েছে, কনটেন্ট নির্মাতা হিসেবে সময় দর্শকদের বিনোদনের জগতে নতুন মাত্রা যোগ করেছেন। বর্তমানে ইউটিউবে তার সাবস্ক্রাইবার সংখ্যা ১ কোটি ২৪ লাখ। গুগল ইন্ডিয়ার ভাষ্য অনুযায়ী, গ্র্যান্ডমাস্টারদের সঙ্গে আড্ডা ও মজার কথোপকথন থেকে শুরু করে ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’-এর মতো জনপ্রিয় অনুষ্ঠান তৈরি সব মিলিয়ে সময় তার ইউটিউব চ্যানেলকে লাখো মানুষের ভার্চুয়াল আড্ডার জায়গায় পরিণত করেছেন।



শুধু সময়ের ব্যক্তিগত অর্জন নয়, ইউটিউবে চ্যানেল মেম্বারশিপের জনপ্রিয়তা বৃদ্ধির বিষয়টিও তুলে ধরেছে গুগল। প্রতিষ্ঠানটির তথ্যমতে, ২০২৬ সালের জুন মাসেই ভারতে ১২ লাখের বেশি দর্শক ইউটিউবে অন্তত একটি চ্যানেলের মেম্বারশিপ কিনেছেন। এর ফলে দেশটির কনটেন্ট নির্মাতাদের মেম্বারশিপ থেকে আয় আগের বছরের একই সময়ের তুলনায় ২৫ শতাংশের বেশি বেড়েছে।

তবে সময়ের এই সাফল্যের পেছনে রয়েছে কঠিন এক সময় পার করার গল্পও। ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’-এর দ্বিতীয় মৌসুমের সমাপনী অনুষ্ঠানে নিজের সেই দুঃসময়ের কথা তুলে ধরেন তিনি। জানান, বিতর্কের পর কানাডায় অবস্থানকালে বিষণ্নতায় ভুগছিলেন। শোটি আবার কখনো ফিরিয়ে আনতে পারবেন কি না, তা নিয়ে ছিল গভীর অনিশ্চয়তা। সময় বলেন, আমি কখনো ভাবিনি এমন কিছু ঘটবে। দুই বছর আগে যখন বিতর্ক শুরু হয়েছিল এবং সবকিছু এলোমেলো হয়ে গিয়েছিল, তখন কানাডায় থাকাকালে আমি বিষণ্নতায় ভুগছিলাম। চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করতাম, সময় রায়না আবার কবে তার শো ফিরিয়ে আনতে পারবে? চ্যাটজিপিটি বলত, বিষয়টি এখনো অনিশ্চিত। তখন আমি লিখতাম, দয়া করে হ্যাঁ বলো। আমার ধারণাই ছিল না, অনুষ্ঠানটি এভাবে ফিরে আসবে।

উল্লেখ্য, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’-এর একটি পর্বে ইউটিউবার রণবীর আল্লাহাবাদিয়ার আপত্তিকর মন্তব্য ঘিরে বিতর্কের সূত্রপাত হয়। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা ও পুলিশের কাছে অভিযোগ জমা পড়ে। পরে রণবীর ক্ষমা চান। সময় রায়নাও দুঃখ প্রকাশ করে নিজের ইউটিউব চ্যানেল থেকে অনুষ্ঠানের সব পর্ব সরিয়ে নেন। দীর্ঘ বিরতির পর ২০২৬ সালে ‘স্টিল অ্যালাইভ’ নামের স্ট্যান্ডআপ স্পেশালের মাধ্যমে প্রত্যাবর্তন করেন সময়। সেখানেই ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’ ফিরিয়ে আনার ঘোষণা দেন তিনি। দ্বিতীয় মৌসুমটি ইউটিউব ও নেটফ্লিক্সে মুক্তি পায়। এতে অতিথি হিসেবে দেখা যায় আলিয়া ভাট, বরুণ ধাওয়ান, হুমা কুরেশি ও করণ আউজলাকে। দ্বিতীয় মৌসুমের সমাপ্তির পর এবার ইউটিউবে ১০ লাখ চ্যানেল মেম্বারের রেকর্ড গড়লেন সময়। 

এসএ/

মন্তব্য করুন