বিচ্ছেদ ঘোষণার পর এবার স্বামীর নামের ট্যাটু মুছে ফেললেন স্বপ্না
ছবি: সংগৃহীত
০৫:৪৮ পিএম | ২৮ নভেম্বর, ২০২৬
স্বামী বীর সাহুর সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্তের পর এবার হাতে থাকা তার নামের ট্যাটুও মুছে ফেলছেন হরিয়ানভি মডেল ও নৃত্যশিল্পী স্বপ্না চৌধুরী। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, কবজি থেকে স্বামীর নামের ট্যাটু সরাতে লেজার চিকিৎসা নিচ্ছেন তিনি। ভিডিওটি ঘিরে ভক্তদের মধ্যে আলোচনা শুরু হয়েছে।
ছয় বছরের দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্তের কথা জানানোর কয়েক দিন পরই ভিডিওটি সামনে এল। এর আগে বিচ্ছেদের আবেদন করার বিষয়টি নিশ্চিত করেছিলেন স্বপ্না। বীর সাহুর সঙ্গে তাঁর দুই সন্তান রয়েছে।

সম্প্রতি এনএমএফ নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে সংসার ভাঙার সিদ্ধান্ত নিয়ে কথা বলেন স্বপ্না। তিনি জানান, তাদের বিচ্ছেদের পেছনের কারণ কেবল তিনি ও বীরই জানেন। সম্পর্ক যত দিন ভালোভাবে চলেছে, তত দিন তারা একসঙ্গে থাকার চেষ্টা করেছেন। তবে একপর্যায়ে দুজনই বুঝতে পেরেছেন, এবার আলাদা হয়ে যাওয়ার সময় এসেছে।
সাক্ষাৎকারে ভালোবাসা ও সম্পর্ক নিয়েও নিজের ভাবনা তুলে ধরেন স্বপ্না। নারী ও পুরুষের ভালোবাসার ধরনে পার্থক্য রয়েছে বলে মনে করেন তিনি। এ প্রসঙ্গে তাঁর কিছু মন্তব্যে সম্পর্কের মধ্যে বিশ্বাসভঙ্গের ইঙ্গিতও খুঁজে পেয়েছেন অনেকে।
স্বপ্না বলেন, ‘আমার বিশ্বাস, ভালোবাসা শুধু শারীরিক বিষয় নয়। ভালোবাসা আত্মার সঙ্গে জড়িত, এর সঙ্গে আবেগও জড়িয়ে থাকে। তবে আমার মনে হয়, পুরুষেরা বেশি বাস্তববাদী, আর নারীরা অনেক সময় আবেগে ভেসে যান।’
২০২০ সালের জানুয়ারিতে ঘরোয়া আয়োজনে বীর সাহুকে বিয়ে করেন স্বপ্না। বিয়ের খবর শুরুতে প্রকাশ্যে আনেননি তাঁরা। প্রথম সন্তানের জন্মের পর তাঁদের বিয়ের বিষয়টি আলোচনায় আসে। বর্তমানে এই দম্পতির দুই সন্তান রয়েছে।
হরিয়ানভি বিনোদনজগতের পরিচিত মুখ স্বপ্না চৌধুরী। গান ও নাচের মাধ্যমে জনপ্রিয়তা পান তিনি। পরে ‘বিগ বস’-এর ১১তম মৌসুমে অংশ নিয়ে আরও বড় পরিসরে পরিচিতি পান এই শিল্পী।
সূত্র: এনডিটিভি
এসএ/