© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শাহরুখপুত্র আরিয়ানের মাদক মামলা নিয়ে নতুন তথ্য জানালেন সাবেক কর্মকর্তা

শেয়ার করুন:
শাহরুখপুত্র আরিয়ানের মাদক মামলা নিয়ে নতুন তথ্য জানালেন সাবেক কর্মকর্তা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:২৪ পিএম | ২৮ নভেম্বর, ২০২৬
বলিউড অভিনেতা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের মাদক মামলা নিয়ে নতুন তথ্য প্রকাশ করেছেন ভারতের মাদক নিয়ন্ত্রণ সংস্থার (এনসিবি) সাবেক কর্মকর্তা সঞ্জয় কুমার সিং। তার লেখা নতুন বই কোড অব অনার-এ ২০২১ সালের আলোচিত এই মামলার তদন্ত ও আরিয়ানের সঙ্গে কথোপকথনের অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে।

২০২১ সালের অক্টোবরে মুম্বাইয়ের একটি প্রমোদতরিতে অভিযান চালিয়ে আরিয়ান খানকে গ্রেপ্তার করে এনসিবি। তবে আরিয়ানের কাছ থেকে কোনো মাদক উদ্ধার হয়নি। পরবর্তী সময়ে মামলাটির তদন্তের দায়িত্বে থাকা বিশেষ তদন্তকারী দলের (এসআইটি) নেতৃত্ব দেন সঞ্জয় কুমার সিং।



বইয়ে সঞ্জয় লিখেছেন, জিজ্ঞাসাবাদের সময় আরিয়ান তাকে প্রশ্ন করেছিলেন, তার কাছে কোনো মাদক না পাওয়া গেলেও কেন তাকে আন্তর্জাতিক মাদক পাচারকারী ও অর্থদাতা হিসেবে তুলে ধরা হচ্ছে।

এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে আরিয়ান কয়েকবার আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন বলেও উল্লেখ করেছেন সাবেক এই কর্মকর্তা। মামলার তদন্ত নিয়েও একাধিক প্রশ্ন তুলেছেন সঞ্জয়। তার মতে, প্রমোদতরিতে অভিযানের সময় যথাযথ ছবি বা ভিডিও ধারণ করা হয়েছিল কি না, তথ্যদাতার পরিচয় এবং সাক্ষীদের ভূমিকা-এসব বিষয়ে স্পষ্টতার অভাব ছিল। তদন্তের বিভিন্ন প্রক্রিয়া নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন।
 
এছাড়া আরিয়ানের হোয়াটসঅ্যাপ কথোপকথনে বিদেশে মাদক সেবনের প্রসঙ্গ থাকলেও সেটিকে মাদক পাচার বা তার কাছে মাদক থাকার প্রমাণ হিসেবে দেখার সুযোগ নেই বলে মনে করেন সঞ্জয়। তার মতে, এ ক্ষেত্রে আরো নির্ভরযোগ্য প্রমাণ প্রয়োজন ছিল।

২০২২ সালের মে মাসে এনসিবি আরিয়ানসহ ছয়জনের বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ না পাওয়ায় তাদের নাম অভিযোগপত্র থেকে বাদ দেয়। তবে মামলার অন্য ১৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেওয়া হয়।

সঞ্জয় কুমার সিংয়ের কোড অব অনার বইটি ২৮ নভেম্বর প্রকাশিত হওয়ার কথা রয়েছে।

এসএ/

মন্তব্য করুন