© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মিরপুরে বাসে আগুন, কুর্মিটোলায় ককটেল বিস্ফোরণ

শেয়ার করুন:
মিরপুরে বাসে আগুন, কুর্মিটোলায় ককটেল বিস্ফোরণ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:২৬ পিএম | ২৮ নভেম্বর, ২০২৬
রাজধানীর মিরপুর-১০ গোলচত্বর এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। অন্যদিকে, রাতে ক্যান্টনমেন্টের কুর্মিটোলা বাসস্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পৃথক এ দুটি ঘটনায় কেউ হতাহত হয়নি।

শনিবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে মিরপুর-১০ গোলচত্বর থেকে মিরপুর-১ যাওয়ার পথে ফায়ার সার্ভিস কার্যালয়ের বিপরীত পাশে ইতিহাস পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটির অধিকাংশ পুড়ে যায়। এ ঘটনায় চালক ও হেলপারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, রাত ৭টা ৩৮ মিনিটে বাসে আগুন লাগার খবর পেয়ে মিরপুর ফায়ার স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

মিরপুর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. জাহিদুল ইসলাম জানান, চলন্ত বাসটিতে যাত্রীবেশে দুর্বৃত্তরা গানপাউডার দিয়ে আগুন দেয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। বাসটির চালক ও হেলপার পুলিশের হেফাজতে রয়েছেন। জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।

এদিকে, রাত আনুমানিক ৮টা ৫ মিনিটে ক্যান্টনমেন্ট থানাধীন কুর্মিটোলা বাসস্ট্যান্ডের সামনে পাকা সড়কে একটি ককটেলসদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটায় অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। বিস্ফোরণের পর তারা দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্বৃত্তরা একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে। এ ঘটনায় কেউ আহত হয়নি। বিস্ফোরণের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এমআর/ 

মন্তব্য করুন