© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কুমিল্লায় বাস-লরিসহ চার গাড়ির সংঘর্ষ, আহত ৩০

শেয়ার করুন:
কুমিল্লায় বাস-লরিসহ চার গাড়ির সংঘর্ষ, আহত ৩০

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৩৩ এএম | ২৯ নভেম্বর, ২০২৬
কুমিল্লার চান্দিনায় চলন্ত লরির পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কা থেকে একে একে চারটি গাড়ির সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত যানবাহনের মধ্যে রয়েছে দুটি বাস, একটি লরি ও একটি মাইক্রোবাস। আহতদের মধ্যে গুরুতর আটজনকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) রাত পৌনে ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী হানিফ মুন্সি জানান, চট্টগ্রামগামী একটি চলন্ত লরির পেছনে সজোরে ধাক্কা দেয় ঢাকা থেকে ছেড়ে আসা কুমিল্লাগামী তিশা প্লাস পরিবহনের একটি যাত্রীবাহী বাস। এর কিছুক্ষণ পর বাসটির পেছনে ধাক্কা দেয় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী বেঙ্গল পরিবহনের একটি ডাবল ডেকার বাস। সবশেষে বেঙ্গল পরিবহনের বাসটির পেছনে ধাক্কা দেয় একই অভিমুখে চলাচল করা একটি মাইক্রোবাস।

তিনি বলেন, চলন্ত অবস্থায় যানবাহনগুলোর মধ্যে দূরত্ব কম থাকায় একটি গাড়ির সঙ্গে আরেকটির সংঘর্ষ হয়। লরির পেছনে প্রথম বাসটির ধাক্কা লাগার পর পেছনের গাড়িগুলোও নিয়ন্ত্রণ হারিয়ে একে একে দুর্ঘটনায় জড়িয়ে পড়ে।

দুর্ঘটনার পর মহাসড়কে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয় লোকজন দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন। তারা দুর্ঘটনাকবলিত দুটি বাস ও মাইক্রোবাসের চালক-যাত্রীদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। তবে ঘটনাস্থলে কেউ নিহত হননি।

চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বে থাকা চিকিৎসক রানা জানান, দুর্ঘটনায় আহত ব্যক্তিদের হাসপাতালে আনার পর চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে আটজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ থানার ওসি নজরুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

কেএন/

মন্তব্য করুন