ভারতে মন্দিরে যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ১৩
ছবি: সংগৃহীত
১০:৩৪ এএম | ২৯ নভেম্বর, ২০২৬
ভারতের ঝাড়খণ্ড রাজ্যে মন্দিরে যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন নারী রয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। দ্রুতগতির একটি এসইউভি সামনে থাকা অন্য একটি গাড়িকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
রবিবার (২৯ নভেম্বর) ঝাড়খণ্ডের রামগড় জেলায় রাঁচি-পাটনা মহাসড়কের কুজু এলাকার পাইনকি গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই বিহারের নালন্দা জেলার বাসিন্দা। পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
রামগড়ের মহকুমা পুলিশ কর্মকর্তা অলোক রঞ্জন বার্তা সংস্থা পিটিআইকে বলেন, ‘তিন নারীসহ মোট ১৩ জন একটি স্করপিও গাড়িতে যাচ্ছিলেন। সামনে থাকা একটি গাড়ির সাথে সংঘর্ষে সেটি দুর্ঘটনার কবলে পড়ে। গাড়ির সব যাত্রীই বিহারের নালন্দা জেলার বাসিন্দা।’
তিনি আরও জানান, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য সরকারি হাসপাতালে পাঠানো হবে। দুর্ঘটনার বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি। এর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
রামগড় সদর হাসপাতালের সিভিল সার্জন ডা. অনিল কুমার পিটিআইকে বলেন, ‘রাত ২টার দিকে দুর্ঘটনাটি ঘটে। গাড়িতে মোট ১৪ জন ছিলেন। রাত আড়াইটার দিকে তাদের সবাইকে রামগড় সদর হাসপাতালে আনা হয়। সেখানে চিকিৎসকেরা ১৩ জনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত একজন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।’
এফআর/