© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভূমিকম্পে কাঁপল যুক্তরাষ্ট্র, বিমানবন্দরে ক্ষয়ক্ষতি-তেল শোধনাগারে আগুন

শেয়ার করুন:
ভূমিকম্পে কাঁপল যুক্তরাষ্ট্র, বিমানবন্দরে ক্ষয়ক্ষতি-তেল শোধনাগারে আগুন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:১০ এএম | ২৯ নভেম্বর, ২০২৬
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের দক্ষিণ উপকূলে ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে লস অ্যাঞ্জেলেস এলাকায় ভবনের জানালা কেঁপে ওঠে, বিমানবন্দরের কয়েকটি জানালা ভেঙে যায় এবং অবতরণের ঠিক আগে একটি যাত্রীবাহী বিমানকে ফিরে যেতে নির্দেশ দেওয়া হয়। এ ছাড়া ভূমিকম্পের পর নিরাপত্তাব্যবস্থা চালু হলে একটি তেল শোধনাগার থেকে আগুন ও ধোঁয়া বের হতে দেখা যায়। তবে তাৎক্ষণিকভাবে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

স্থানীয় সময় শনিবার (২৮ নভেম্বর) আঘাত হানা ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল লস অ্যাঞ্জেলেসের কাছের শহর ম্যানহাটন বিচের উপকূলীয় এলাকা। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ তথ্য জানিয়েছে। মূল কম্পনের পর কয়েক দফা পরাঘাতও অনুভূত হয়।

ভূমিকম্পে বিভিন্ন স্থানে গাড়ির অ্যালার্ম বেজে ওঠে। লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরে জানালা ভেঙে যায়। অন্যদিকে, সম্ভাব্য বিপদ এড়াতে স্বয়ংক্রিয় নিরাপত্তাব্যবস্থা চালু হওয়ায় একটি তেল শোধনাগার থেকে ধোঁয়া বের হতে থাকে।

ক্যালিফোর্নিয়ার গভর্নরের জরুরি সেবা দপ্তর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জানিয়েছে, ভূমিকম্পের প্রভাব মূল্যায়নে তারা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করছে। একই সঙ্গে পরাঘাতের বিষয়ে সতর্ক থাকার এবং প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

ভূমিকম্পের সময় লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরে অবতরণের প্রস্তুতি নিচ্ছিল ডেল্টা এয়ারলাইনসের একটি উড়োজাহাজ। কম্পন অনুভূত হওয়ার পর সেটিকে অবতরণ বাতিল করে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। রানওয়েতে কোনো ফাটল তৈরি হয়েছে কি না, তা নিশ্চিত না হওয়া পর্যন্ত অবতরণ না করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস ফক্স নিউজকে বলেন, বিমানটিকে অবতরণ বাতিলের নির্দেশ দেওয়া সঠিক সিদ্ধান্ত ছিল। কারণ, রানওয়ে পরীক্ষা না করে সেখানে কোনো ফাটল তৈরি হয়েছে কি না, তা জানার উপায় ছিল না।

পরবর্তী একটি কম্পনে বিমানবন্দরের ছাদের সাদা রঙের একটি প্যানেল খুলে পড়ে। টার্মিনালের একটি অংশের জানালাও ভেঙে যায়। ওই সময় বিমানবন্দরে থাকা ২৭ বছর বয়সী মেরিল্যান্ডের আইনজীবী কেনা ক্রেমার স্থানীয় গণমাধ্যমকে বলেন, মানুষ আতঙ্কিত হয়ে পড়েছিল। এক নারী সামান্য চিৎকার করার পর সবাই শান্ত হয়ে যায়।

ক্যালিফোর্নিয়ার গভর্নরের জরুরি সেবা দপ্তরের ফেসবুক পোস্টের মন্তব্যে একজন লিখেছেন, কেউ এমন আচরণ করছিলেন যেন কিছুই ঘটেনি, কেউ কাঁদছিলেন, আবার কেউ মেঝেতে শুয়ে পড়েছিলেন।

ভূমিকম্পের পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ার শেভরন তেল শোধনাগারে নিরাপত্তামূলক ব্যবস্থা হিসেবে গ্যাস পুড়িয়ে ফেলার প্রক্রিয়া চালু করা হয়। এতে মাঝেমধ্যে আগুনের শিখা ও ধোঁয়া দেখা যায়। শেভরন জানিয়েছে, প্রক্রিয়াটি নিয়ন্ত্রিত ছিল এবং এতে স্থানীয় বাসিন্দাদের জন্য কোনো নিরাপত্তাঝুঁকি তৈরি হয়নি।

এদিকে, লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, ভূমিকম্পের পর তাদের সদস্যরা জরুরি তৎপরতা শুরু করেন। বিভাগের আওতাধীন ১০০টির বেশি ফায়ার স্টেশনের কর্মীরা স্থল, আকাশ ও জলপথে গুরুত্বপূর্ণ অবকাঠামোর অবস্থা পরীক্ষা করেন। এই কার্যক্রম শেষে বিভাগটি জানায়, লস অ্যাঞ্জেলেস শহরে উল্লেখযোগ্য অবকাঠামোগত ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা পাওয়া যায়নি।

ক্যালিফোর্নিয়ায় ভূমিকম্প নতুন ঘটনা নয়। তবে ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির গবেষক ও ভূকম্পবিদ লুসি জোনস স্থানীয় গণমাধ্যমকে বলেন, লস অ্যাঞ্জেলেস এলাকায় দীর্ঘ সময়ের মধ্যে এটি ছিল তুলনামূলক বড় কম্পনগুলোর একটি।

যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল কয়েকটি ভূত্বকীয় পাতের সংযোগস্থলে অবস্থিত। এ কারণে সেখানে প্রায়ই ভূমিকম্প হয়। অধিকাংশ কম্পন ছোট হওয়ায় বাসিন্দারা তা টেরও পান না। বৃহত্তর লস অ্যাঞ্জেলেস এলাকায় ১ কোটি ৮০ লাখের বেশি মানুষের বসবাস।

তবে অতীতে এ অঞ্চলে বড় ধরনের ভূমিকম্পের ঘটনাও ঘটেছে। ১৯৯৪ সালে লস অ্যাঞ্জেলেসের নর্থরিজ এলাকায় শক্তিশালী ভূমিকম্পে কয়েক ডজন মানুষ নিহত এবং কয়েক হাজার মানুষ আহত হন। এতে ঘরবাড়ি ও অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়, যার আর্থিক পরিমাণ ছিল কয়েক বিলিয়ন ডলার।

এর আগে ১৯০৬ সালে সান ফ্রান্সিসকোতে ভয়াবহ ভূমিকম্পের পাশাপাশি সুনামিও আঘাত হানে। ওই ঘটনায় তিন হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছিল বলে ধারণা করা হয়। ভূমিকম্পের পর ছড়িয়ে পড়া আগুনেও অনেকে প্রাণ হারান।

সূত্র : নিউইয়র্ক পোস্ট ও এনডিটিভি

এফআর/

মন্তব্য করুন