© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিজেপি-আ.লীগ মিলে সীমান্তে ষড়যন্ত্র করছে : নাহিদ ইসলাম

শেয়ার করুন:
বিজেপি-আ.লীগ মিলে সীমান্তে ষড়যন্ত্র করছে : নাহিদ ইসলাম

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৪৭ পিএম | ২৯ নভেম্বর, ২০২৬
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, আমাদের সীমান্তে চক্রান্ত হচ্ছে। বিজেপি নেতাকর্মীরা এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা যৌথভাবে বাংলাদেশের সীমান্তে সভা সমাবেশ করছে। বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

তিনি বলেন, আমরা দেখছি, বাংলাদেশের নদী নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। গঙ্গা চুক্তি ১২ ডিসেম্বরে মেয়াদ শেষ হয়ে যাবে। নতুন কোনো চুক্তি হবে কি না, বা সেই চুক্তির নবায়ন হবে কি না, আমরা কিন্তু এখনো জানি না।

রোববার (২৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে রাজশাহী নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার, গণভোটের রায় বাস্তবায়ন, শেখ হাসিনার মৃত্যু দণ্ডের রায় কার্যকর, জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা এবং গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে বিক্ষোভ পরবর্তী সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, পানিসম্পদ মন্ত্রী বলছেন, তিনি দুইটি চিঠি পাঠিয়েছেন। কিন্তু তার কোনো উত্তর পাননি। এখন তিনি বলছেন, কোনো উত্তরই পাচ্ছেন না। তার মানে এই পদ্মাপড়ের মানুষদেরকে মরুভূমিতে পরিণত করার আবারও ষড়যন্ত্র করছে ভারত। তিস্তাপাড় শুকিয়ে উত্তরবঙ্গকে ধ্বংস করার পরিকল্পনা নিয়েছে ভারত।

বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, বর্তমান বিএনপির সরকার গত আট মাসে বিচারের সকল কার্যক্রম স্থবির করে রেখেছিল। তারা নির্বাচনে আওয়ামী লীগের সাথে সমঝোতা করে নির্বাচন করেছে। আওয়ামী লীগের টাকা নিয়ে, আওয়ামী লীগের ভোট ব্যাংক নিয়ে, তারা নির্বাচনে জিতেছে। এখন আট মাস পরে এসে জাতীয় ঐক্যের কথা বলছে। কারণ এখন তাদের আওয়ামী লীগের সাথে গোপন সমঝোতা ভেঙে গিয়েছে। এখন তারা আর আওয়ামী লীগকে ডিল করতে পারছে না বলে, এখন তারা জাতীয় ঐক্যের কথা বলছে। গত আট মাসে এই জাতীয় ঐক্য কোথায় ছিল, ৫ আগস্টের পরে এই জাতীয় ঐক্য কোথায় ছিল। এই জাতীয় ঐক্য কিন্তু বিএনপি বারবার ভঙ্গ করেছে।

তিনি বলেন, বিএনপির নেতৃত্বে কোনো লড়াই হবে না। বিএনপি গত ১৬ বছর আওয়ামী লীগকে ঠেকাতে পারে নাই। বিরোধী দলের অবস্থায় তারা ব্যর্থ হয়েছিল। এখন সরকারে থাকা অবস্থায় তারা আবারও ব্যর্থতার প্রমাণ দিচ্ছে। তাদের সরকারে থাকা অবস্থায় তাদের সিটিং এমপি গোপালগঞ্জে যেতে পারছে না। পুরো দেশের আইন-শৃঙ্খলা ব্যর্থ প্রমাণ হয়েছে।

পতিত ফ্যাসিবাদী শক্তি থেকে দেশের জনগণকে রক্ষা করতে দেশের সংস্কার বাস্তবায়ন করতে হবে। দেশের জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে আবারও জুলাই গণঅভ্যুত্থানে দেশের ছাত্র তরুণ, শ্রমিক, জনতার যে ঐক্য হয়ে রাজপথে আমরা নেমে এসেছিলাম। দেশের জনগণের জন্য আমাদেরকে আবারও নামতে হবে। কারণ খুনি হাসিনাকে আমরা এই দেশের মাটিতে আবার নতুন করে কোনো ধরনের নৈরাজ্য করার সুযোগ দেবো না। আমরা খুনি হাসিনার বিচার চাই। এই বাংলার মাটিতে ফাঁসির মঞ্চ প্রস্তুত করা হবে। খুনি হাসিনাকে অবশ্যই আসতে হবে। আমরা তাকে আপ্যায়ন করার জন্য ফাঁসির মঞ্চ নিয়ে প্রস্তুত আছি।

নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগের রাজনীতিকে বাংলাদেশ থেকে চিরতরে নির্মূল করতে হবে। চিরতরে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। বাংলাদেশে ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনীতি করার আর কোনো সুযোগ নেই। ৫ আগস্টে তারা এই সুযোগ হারিয়েছে। এখন নৈরাজ্য করে সন্ত্রাস করে, তারা যদি মনে করে বিএনপির আপোষকামিতার সুযোগ নিয়ে তারা বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পাবে। এইটা তাদের ভুল ধারণা। ভারত কেন, পৃথিবীর আরও পাঁচটা পরাশক্তিও তাদের সাথে থাকলে বাংলাদেশের জনগণ, তরুণ, জনতা কোনোদিনই তাদেরকে আর কোনো সুযোগ দেবে না।

এর আগে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি রাজশাহী নগরীর আলুপট্টির মোড় থেকে শুরু হয়ে সাহেববাজার জিরোপয়েন্টে এসে শেষ হয়। এরপর সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে রাজশাহী জেলা ও মহানগর এনসিপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এমআর/ 

মন্তব্য করুন