আ.লীগের সঙ্গে সমঝোতা করতে না পেরে জাতীয় ঐক্যের কথা বলছে বিএনপি: নাহিদ ইসলাম
ছবি: সংগৃহীত
০৮:০১ পিএম | ২৯ নভেম্বর, ২০২৬
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগের টাকা ও ভোটব্যাংক কাজে লাগিয়ে নির্বাচনে জয়ী হওয়ার ৮ মাস পর বিএনপি জাতীয় ঐক্যের কথা বলছে। কারণ, দলটির সঙ্গে আওয়ামী লীগের গোপন সমঝোতা ভেঙে গেছে। এখন আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করতে না পেরে বিএনপি জাতীয় ঐক্যের কথা বলছে।
রোববার (২৯ নভেম্বর) বিকেল ৪টায় রাজশাহী নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের সাংগঠনিকভাবে বিচার, গণভোটের রায় বাস্তবায়ন, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় কার্যকর, জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা এবং গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে এ সমাবেশের আয়োজন করে এনসিপি। সমাবেশের আগে নগরীর আলুপট্টি মোড়ে জড়ো হন দলটির নেতাকর্মীরা। পরে সেখান থেকে মিছিল নিয়ে সাহেববাজার জিরো পয়েন্টে সমাবেশস্থলে আসেন তারা।
নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ না মানা, সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়া এবং গণভোটের গণরায় বাস্তবায়ন না করার মধ্য দিয়ে বিএনপি জাতীয় ঐক্য ভঙ্গ করেছে। এতে দলটির প্রতি জনগণের আস্থা কমেছে। বিএনপি গত ১৬ বছর আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে পারেনি। এখন সরকারে থেকেও দেশের সার্বভৌমত্ব রক্ষা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সংস্কার বাস্তবায়ন এবং জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থতার পরিচয় দিচ্ছে।
তিনি আরও বলেন, বিএনপির আমলে তাদের সংসদ সদস্যরাই গোপালগঞ্জে যেতে পারছেন না। ২০২৫ সালে এনসিপির জুলাই পদযাত্রা ও মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচির প্রয়োজনীয়তা নিয়ে তখন অনেকে প্রশ্ন তুলেছিলেন। এখন পরিস্থিতি দেখে তারা বিষয়টির গুরুত্ব বুঝতে পারছেন।
নাহিদ ইসলাম বলেন, আমাদের লড়াই শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে নয়, এ লড়াই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। নদীর পানির ন্যায্য হিস্যা আদায়, গণতন্ত্র রক্ষা, দেশের সংস্কৃতি ও ধর্মীয় মূল্যবোধের সুরক্ষার লড়াই এটি। এ লড়াইয়ে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। কোনো একক রাজনৈতিক দলের নেতৃত্বে নয়, বরং জুলাই গণঅভ্যুত্থানের ছাত্র, তরুণ, শ্রমিক ও জনতার ঐক্যের ভিত্তিতেই এ লড়াই এগিয়ে নিতে হবে।
ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, সম্পর্ক হতে হবে রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের এবং সরকারের সঙ্গে সরকারের। কোনো খুনি, গণহত্যাকারী কিংবা স্বৈরাচারী শক্তিকে বাংলাদেশের ক্ষমতায় বসিয়ে তাদের মাধ্যমে এ দেশের ওপর প্রভাব বিস্তারের চেষ্টা জনগণ মেনে নেবে না। আওয়ামী লীগের সঙ্গে ভারতসহ বিশ্বের ৫টি পরাশক্তি থাকলেও দলটিকে বাংলাদেশের রাজনীতিতে আর সুযোগ দেওয়া হবে না বলে মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশ থেকে চিরতরে নির্মূল ও নিষিদ্ধ করার দাবিও জানান এনসিপির আহ্বায়ক।
গঙ্গা চুক্তির প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, আগামী ডিসেম্বরে গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে। নতুন চুক্তি হবে কি না তা এখনো নিশ্চিত নয়। ভারত এই অঞ্চলের মানুষকে পানির সংকটে ফেলে মরুভূমিতে পরিণত করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন তিনি। এ পরিস্থিতিতে নদীর পানির ন্যায্য হিস্যা আদায় এবং সীমান্ত সুরক্ষার দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সমাবেশে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম বলেন, ২০১৩ সালে শাপলা চত্বরে, মোদিবিরোধী আন্দোলনে এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে যারা মানুষের প্রাণ কেড়ে নিয়েছে, তাদের বিচারের আওতায় আনতে হবে। গত ১৬ বছর ধরে জনগণের ভোটাধিকার হরণ, বিরোধী রাজনৈতিক দলগুলোর ওপর দমন-পীড়ন এবং একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা করেছে স্বৈরাচারী শক্তি। তাদের বিচারের প্রশ্নে কোনো আপস করা যাবে না।
সমাবেশে এনসিপির অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতারাও বক্তব্য দেন। তাদের মধ্যে ছিলেন সারোয়ার তুষার, ইমরান ইমন, সাকিব মাহাদী ও এম এ সবুর। সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর এনসিপির আহ্বায়ক মো. মোবাশ্বের আলী। এতে রাজশাহী মহানগর ও জেলা এনসিপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
এমআর/