© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সারজিস আলমসম্পর্ক করতে হলে রাষ্ট্রের সঙ্গে করতে হবে, পুতুল দলের সঙ্গে নয়

শেয়ার করুন:
সম্পর্ক করতে হলে রাষ্ট্রের সঙ্গে করতে হবে, পুতুল দলের সঙ্গে নয়

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৪১ পিএম | ২৯ নভেম্বর, ২০২৬
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব সারজিস আলম বলেছেন, আমরা বিগত দুই বছর ধরে দেখছি, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক করতে চায় না। তারা বাংলাদেশের সরকারের সাথে সম্পর্ক করতে চায় না। একটা দল খুনি হোক, গণহত্যাকারী হোক, স্বৈরাচার হোক, সেই স্বৈরাচারকে সেবাদাস হিসেবে বসিয়ে এই বাংলাদেশে তাদের সাথেই শুধু তারা সম্পর্ক করতে চায়।

তিনি বলেন, আমরা ভারতকে স্পষ্ট করে বলে দিতে চাই, সম্পর্ক হবে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের। সরকারের সাথে সরকারের। কিন্তু নিজের সেবাদাস, কোনো পুতুল দলকে, কোনো নরপিশাচকে বাংলাদেশে বসিয়ে যদি শোষণ করার চিন্তা থাকে, তাহলে আগামীতে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক থাকবে কিনা বাংলাদেশের মানুষ সেই সিদ্ধান্ত নেবে।

রোববার (২৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে রাজশাহী নগরীর সাহেববাজার জিরোপয়েন্ট ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার, গণভোটের রায় বাস্তবায়ন, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় কার্যকর, জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা এবং গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে বিক্ষোভ পরবর্তী সমাবেশে তিনি এসব কথা বলেন।

সারজিস বলেন, আমরা আজকে একটা হারানো বিজ্ঞপ্তি দিতে চাই। বাংলাদেশের ৫০০ উপজেলা, ৩৩০ পৌরসভা, ১৩টা মহানগর, ৬৪ জেলা প্রত্যেকটা জায়গায় হারানো বিজ্ঞপ্তি দিতে চাই। আমাদের বাংলাদেশের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর হারানো বিজ্ঞপ্তিতে সে গিয়েছে বাংলাদেশের প্রত্যেকটা পথে প্রান্তর। আমরা বলতে চাই আমাদের বিএনপি সরকার আপনার স্বরাষ্ট্রমন্ত্রীর যদি ঘুম না ভাঙে, তাকে যদি খুঁজে না পাওয়া যায়; নতুন স্বরাষ্ট্রমন্ত্রী দিন। কিন্তু যেই নাটক শুরু হয়েছে, যেই জুলুম শুরু হয়েছে, যেভাবে আমাদের বিএনপির ভাইদের হত্যা করা হলো, যেভাবে মানুষের ব্যবসাপ্রতিষ্ঠান, বাড়িঘরে আগুন দেওয়া হচ্ছে। এই সন্ত্রাসীকে প্রতিরোধ করতে হবে। রুখতে হবে। যদি না পারেন তাহলে আমাদেরকে দায়িত্ব দিন। আমরা আমাদের জায়গা থেকে জনগণকে সাথে নিয়ে এই সন্ত্রাসকে, অগ্নিসন্ত্রাসকে, স্বৈরাচারকে প্রতিরোধ করব।

তিনি বলেন, আওয়ামী সন্ত্রাসীরা গোপালগঞ্জ থেকে শুরু করে আশপাশের জেলাগুলোতে অবৈধ অস্ত্র নিয়ে রামদা-চাপাতি নিয়ে তারা দিনদুপুরে মানুষের ওপরে রক্তাক্ত হামলা করছে। মিডিয়ায় শিরোনাম দিচ্ছে লোগি-বইঠা নিয়ে আওয়ামী লীগের মিছিল। মিডিয়ার এই কি বেহাল দশা, চোখে এই কি কাঠের চশমা, এই কি কালো চশমা! তারা ওই অবৈধ অস্ত্র দেখে না, রামদা দেখে না, চাইনিজ কুড়াল দেখে না। সবকিছুকে তারা এখন লগি-বৈঠা বলে আওয়ামী লীগকে কিছু কিছু মিডিয়া প্রাসঙ্গিক করার চেষ্টা করছে। তারা নিষিদ্ধ আওয়ামী লীগকে, নিষিদ্ধ আওয়ামী লীগ বলে না। পতিত আওয়ামী লীগকে পতিত আওয়ামী লীগ বলে না, ফ্যাসিস্ট আওয়ামী লীগকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ বলতে চায় না।

সারজিস আলম বলেন, আমরা স্পষ্ট করে বলতে চাই, আগামীর বাংলাদেশে এই তরুণ প্রজন্ম প্রত্যেকটা বিষয় ডকুমেন্টেড করছে। যারা স্বৈরাচারের পক্ষে সম্মতি উৎপাদন করবেন, যারা ভারতের দালালি করবেন, যারা টকশো টেবিলে বসে তথাকথিত সিনিয়র সাংবাদিক, বুদ্ধিজীবী আর ভারতের দালালি করবেন, আওয়ামী লীগের পা চাটবেন তাদেরকেই বাংলাদেশ থেকে উচ্ছেদ করা হবে। আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে পৃথিবীর সকল আধিপত্যবাদ থেকে মুক্ত করব। আমাদের এই বাংলাদেশকে আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। সবাই একসাথে ঐক্যবদ্ধভাবে সে লড়াই শামিল হবেন ইনশাল্লাহ।  

এরআগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি রাজশাহী নগরীর আলুপট্টির মোড় থেকে শুরু হয়ে সাহেববাজার জিরোপয়েন্টে এসে শেষ হয়। এরপর সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে রাজশাহী জেলা ও মহানগর এনসিপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এমআর/ 

মন্তব্য করুন