ট্রাম্পের পর এবার করোনাকে হারাতে চান বাইডেন
ছবি- সংগৃহিত
ডোনাল্ড ট্রাম্পের পর এবার করোনা ভাইরাসকে পরাজিত করার ঘোষণা করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেন শিবির জানিয়েছে, করোনা ভাইরাস মোকাবিলায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে ডেমোক্রেটরা। সেই সঙ্গে মাস্ক পরার ব্যাপারেও বাধ্যবাধকতা আরোপ করা হবে।
সিএনএন জানিয়েছে, সোমবার (বাংলাদেশ সময় মঙ্গলবার) করোনা মোকাবিলায় গঠিত টাস্কফোর্সের ১২ সদস্যের নাম ঘোষণা করবেন জো বাইডেন।
শনিবার মার্কিন গণমাধ্যমগুলো জানিয়েছে, দেশটির বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বরাবরই মহামারি করোনাকে উপেক্ষা করেছেন। মাস্ক পরিধান, সামাজিক দুরত্বসহ স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারেও তিনি গুরুত্বহীন নির্দেশনা দিয়েছেন। ট্রাম্পের খামখেয়ালিতে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস ভয়াবহ আকার ধারণ করেছে বলেও মনে করেন অধিকাংশ মার্কিনী।
এদিকে জো বাইডেন নির্বাচিত হওয়ায় করোনা মোকাবিলায় যুক্তরাষ্ট্র নতুন পলিসি নেবে। এরই ধারাবাহিকতায় মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের সাবেক কমিশনার ডেভিড কেসলার ও সাবেক সার্জন বিবেক মুর্তির নেতৃত্বে করোনা টস্কফোর্স গঠন করার উদ্যোগ নিয়েছেন বাইডেন।
বাইডেন শিবিরের একটি সূত্র জানিয়েছে, তথ্য প্রমাণের ভিত্তিতে বিশেষজ্ঞদের নির্দেশনা অনুযায়ী করোনা মোকাবিলায় কাজ করবে নতুন টাস্কফোর্স। করোনা পরীক্ষাসহ এ সংক্রান্ত সেবা আরও সহজ করার পরিকল্পনা নেয়া হয়েছে।
টাইমস/এসএন