এএসপি আনিসুল হত্যা: মাইন্ড এইডের ম্যানেজারসহ ১০ আসামি রিমান্ডে
ফাইল ছবি
রাজধানীর আদাবরে ‘মাইন্ড এইড’ নামের মানসিক হাসপাতালের কর্মচারীদের নির্যাতনে চিকিৎসাধীন সিনিয়র এএসপি আনিসুল করিম হত্যা মামলায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আসামিদের ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
গ্রেপ্তার আসামিরা হলেন- হাসপাতালের মার্কেটিং ম্যানেজার আরিফ মাহমুদ জয়, কো-অর্ডিনেটর রেদোয়ান সাব্বির, কিচেন সেফ মো. মাসুদ, ওয়ার্ডবয় জোবায়ের হোসেন, ফার্মাসিস্ট মো. তানভীর হাসান, ওয়ার্ডবয় মো. তানিম মোল্লা, সজীব চৌধুরী, অসীম চন্দ্র পাল, লিটন আহম্মদ ও সাইফুল ইসলাম পলাশ।
আরও পড়ুন- হাসপাতাল কর্মীদের মারধরে পুলিশ কর্মকর্তার মৃত্যু : গ্রেপ্তার ১০
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকালে এএসপি আনিসুল হত্যা মামলায় গ্রেপ্তার আসামিদের ১০ দিন করে রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত প্রত্যেকের ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে এএসপি আনিসুল করিমকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক তথ্য পুলিশ পেয়েছে বলে দাবি করেছেন তেজগাঁও জোনের উপপুলিশ কমিশনার হারুন অর রশীদ।
তিনি গণমাধ্যমকে বলেন, আনিসুল করিমকে হাসপাতালের একটি কক্ষে নিয়ে মারধরের করার ভিডিও ফুটেজ পর্যালোচনা করা হয়েছে। এটি হত্যাকাণ্ড এবং গ্রেপ্তার ১০ জন এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত রয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হয়েছে।
টাইমস/এসএন