© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সৌদি আরবে বোমা হামলা : ফ্রান্সসহ ইউরোপীয় কূটনীতিকরা আহত

শেয়ার করুন:
সৌদি আরবে বোমা হামলা : ফ্রান্সসহ ইউরোপীয় কূটনীতিকরা আহত
international-desk
০৭:৫৭ পিএম | ১১ নভেম্বর, ২০২০

সৌদি আরবের জেদ্দায় বিশ্ব যুদ্ধকালীন একটি অমুসলিম সমাধিক্ষেত্রে বোমা হামলার ঘটনা ঘটেছে। হামলায় গ্রিস ও ফ্রান্সের কূটনীতিকসহ ৪ জন আহত হয়েছেন। বুধবার (১১ নভেম্বর) এ হামলার ঘটনা ঘটে।

সৌদি গণমাধ্যমগুলো বলছে, প্রথম বিশ্বযুদ্ধের অবসান ও নিহতের স্মরণে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশের কূটনীতিকরা জেদ্দার ওই অমুসলিম সমাধিক্ষেত্রে উপস্থিত হন। এসময় অতর্কিতে বোমা হামলা চালায় দুর্বৃত্তরা।

এঘটনায় ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে, সমাধিক্ষেত্রে প্রথম বিশ্বযুদ্ধের শহীদদের স্মরণে ইউরোপের বিভিন্ন দেশের কূটনৈতিকরা উপস্থিত ছিলেন। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরাও অনুষ্ঠানে যোগ দেন। ঘটনাস্থলে ফ্রান্সের প্রতিনিধিদের লক্ষ্য করে ইমপ্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইসের (আইইডি) সাহায্যে এ হামলা চালানো হয়েছে। এতে বহু মানুষ আহত হয়েছেন।

কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, জেদ্দায় হামলার ঘটনায় কড়া প্রতিবাদ জানিয়েছে ফ্রান্স। সেই সঙ্গে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা ফরাসি নাগরিকদের সতর্কতার সঙ্গে চলাচলের নির্দেশনা দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

এদিকে গ্রিসের এক কনস্যুলেট কর্মকর্তারা আলজাজিরাকে জানিয়েছে, জেদ্দায় অমুসলিম সমাধিক্ষেত্রে বিস্ফোরণে চারজন আহত হয়েছেন। তাদের মধ্যে একজন গ্রিসের নাগরিক।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন