অরবিন্দ কেজরিওয়াল কী গৃহবন্দি?
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গৃহবন্দি করা হয়েছে বলে দাবি করেছে ক্ষমতাসীন আম আদমি পার্টি (এএপি)। দলটির অভিযোগ, সোমবার সিংঘু সীমানায় কৃষকদের সঙ্গে দেখা করে কৃষক আন্দোলনে সমর্থন জানিয়েছিলেন কেজরিওয়াল।
আর তাই কেজরিওয়ালকে গৃহবন্দি করে রেখেছে পুলিশ। কাউকেই তাঁর বাড়িতে প্রবেশ করতে বা বের হতে দেয়া হচ্ছে না। তবে পুলিশ আম আদমি পার্টির এ অভিযোগ অস্বীকার করেছে।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের দাবিতে টানা ১২ দিন ধরে বিক্ষোভ করছে ভারতের কৃষক সংগঠনগুলো। দিল্লি সরকারের পক্ষ থেকে কৃষকদের জন্য সঠিক ব্যবস্থা নেয়া হয়েছে কি না, তা খতিয়ে দেখতেই সোমবার সিংঘু যান কেজরিওয়াল।
এদিকে মঙ্গলবার দেশজুড়ে ভারত বন্ধের ডাক দেয় কৃষক সংগঠনগুলো৷ এতে সমর্থন জানিয়েছে ১৬টি বিরোধী দল৷ কৃষক আন্দোনলকে নৈতিক সমর্থন জানিয়েছে তৃণমূল কংগ্রেসও।
৮ ডিসেম্বর বেলা ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত বন্ধ্ চলেছে। কৃষক বিক্ষোভের জেরে দিল্লিতে প্রবেশের সব ট্রাফিক চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ। সাধারণ মানুষকে এসব দিকে না যাওয়ার জন্য বলা হয়েছে। অবরোধের জেরে রেল চলাচল ব্যাহত হয়েছে৷ সরকারের সঙ্গে কয়েক দফা আলোচনা হলেও কৃষি আইন বাতিল না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে কৃষক সংগঠনগুলো।
টাইমস/এসজে/এসএন