© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিশ্বের প্রভাবশালী নারীদের তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

শেয়ার করুন:
বিশ্বের প্রভাবশালী নারীদের তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
international-desk
০৪:৪৪ পিএম | ০৯ ডিসেম্বর, ২০২০

বিশ্বের ৩৯ তম প্রভাবশালী নারী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত মঙ্গলবার ২০২০ সালে বিশ্বের প্রভাবশালী ১০০ নারীর তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের ফোর্বস সাময়িকী। এতে টানা দশমবারের মতো শীর্ষে রয়েছেন জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল। আর টানা দ্বিতীয়বারের মতো দ্বিতীয় স্থানে আছেন ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান ক্রিস্টিন লগার্ড।

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বিশ্বের তৃতীয় শীর্ষ ক্ষমতাধর নারী হিসেবে তালিকায় স্থান করে নিয়েছেন। ব্যবসা, মানবসেবা, গণমাধ্যম ও রাজনীতিতে যেসব নারীরা নেতৃস্থানীয় ভূমিকা রেখেছেন তাদের নিয়ে প্রতি বছরই এ ধরনের তালিকা প্রকাশ করে ফোর্বস।

ফোর্বসের এই বার্ষিক তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে বলা হয়েছে, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ বর্তমানে চতুর্থ মেয়াদে দায়িত্ব পালন করছেন। এবারের মেয়াদে খাদ্য নিরাপত্তা এবং জনগণের শিক্ষা ও স্বাস্থ্য সেবা প্রাপ্তিতে গুরুত্ব দিচ্ছেন হাসিনা।

এবারের তালিকায় ৩০ দেশের বিভিন্ন বয়সী নারীর নাম এসেছে। তাদের মধ্যে রাষ্ট্র বা সরকারপ্রধান আছেন ১০ জন। ৩৮ জন বিভিন্ন কোম্পানির সিইও। বিনোদন জগতের পাঁচজনও এসেছেন ক্ষমতাধর নারীদের এ তালিকায়। গতবারের মতোই এবারের তালিকায় চতুর্থ স্থানে আছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডেয়ার লাইয়েন। মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটসপত্নী মেলিন্ডা গেটস আছেন পঞ্চম স্থানে।

নিউজিল্যান্ডের তরুণ প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন আছেন এবারের তালিকার ৩২তম স্থানে। এ বছর টানা দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হয়েছেন তিনি। ক্ষমতাধর নারীদের এ তালিকায় এই উপমহাদেশের রাজনীতিবিদদের মধ্যে আরও আছেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, তিনি আছেন ৪১তম স্থানে।

 

টাইমস/এসজে/এসএন

 

মন্তব্য করুন