© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পাক সেনাদের গুলিতে তালেবান কমান্ডার নিহত

শেয়ার করুন:
পাক সেনাদের গুলিতে তালেবান কমান্ডার নিহত

ছবি- সংগৃহিত

international-desk
০৮:৪১ পিএম | ২৪ ফেব্রুয়ারি, ২০২১

পাকিস্তানে সেনাবাহিনীর গুলিতে হাসান আলিয়াস সাজনা নামের এক তালেবান কমান্ডার নিহত হয়েছেন। মঙ্গলবার দেশটির খাইবার পাখতুনখাওয়া অঞ্চলের মির আলী এলাকায় তালেবানের সঙ্গে সেনাদের গোলাগুলির ঘটনা ঘটে। এএফপি’র খবর।

পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, হাসান আলিয়াস সাজনা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে চারজন নারী উন্নয়নকর্মী হত্যার ঘটনায় জড়িত ছিলেন।

পাক সেনাবাহিনী আরও জানায়, আফগানিস্তান সীমান্তের উত্তর ওয়াজিরিস্তান এলাকার মির আলী গ্রামে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী অভিযান চালায়। এসময় সেনা সদস্যদের সঙ্গে তালেবানের গোলাগুলির ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে তালেবান কমান্ডার হাসান আলিয়াস সাজনা নিহত হন।

এর আগে গত সোমবার (২২ ফেব্রুয়ারি) মির আলী গ্রামের মধ্য দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার সময় দুজন বন্দুকধারী চারজন নারী উন্নয়নকর্মীকে গুলি করে হত্যা করে। এরপরই ওই এলাকায় অভিযান চালানোর ঘোষণা দেয় পাক সেনাবাহিনী।

স্থানীয় পুলিশ প্রধান শফিউল্লাহ গান্দাপুর বলেছেন, ওই উন্নয়নকর্মীরা স্থানীয় একটি সংস্থা পরিচালিত নারীদের কর্মদক্ষতা বাড়ানোবিষয়ক কর্মসূচিতে যুক্ত ছিলেন। কিন্তু তারা তালেবানের টার্গেটে পরিণত হয়ে নিহত হয়েছেন। নারী উন্নয়নকর্মীদের ওপর হামলার ঘটনায় হাসান সাজনা জড়িত ছিলেন বলে প্রমাণ পাওয়া গেছে।

এর আগে ২০১৪ সালে পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে গড়ে ওঠা জঙ্গি ঘাঁটিগুলোতে অভিযান চালায় পাকিস্তান সেনাবাহিনী। কিন্তু দীর্ঘদিন অভিযান চলমান না থাকায় ওই অঞ্চলে জঙ্গিরা ফের সক্রিয় হয়ে উঠে। তারই প্রেক্ষিতে আবারও এসব এলাকায় অভিযান শুরু করেছে পাক সেনাবাহিনী।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন