ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু
০২:৪৯ পিএম | ০৪ অক্টোবর, ২০২১
মধ্যরাত থেকে ২২ দিন সব ধরনের ইলিশ মাছ শিকারে নিষেধাজ্ঞা শুরু হয়েছে। ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে এ নিষেধাজ্ঞা ৪ঠা অক্টোবর থেকে ২৫শে অক্টোবর পর্যন্ত বহাল থাকবে। এ সময় দেশব্যাপী ইলিশ আহরণ, বিপণন, ক্রয়-বিক্রয়, পরিবহণ, মজুদ ও বিনিময় নিষিদ্ধ থাকবে।
গত ২২ সেপ্টেম্বর মৎস্য ভবনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের সভাপতিত্বে ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জাতীয় টাস্কফোর্স কমিটির সভায় ইলিশ আহরণে নিষেধাজ্ঞা জারির এ সিদ্ধান্ত নেওয়া হয়। ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা গত বছরের তুলনায় অধিক সফল করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান মন্ত্রী।
এদিকে নিষেধাজ্ঞার কারণে দেশের উপকূলীয় এলাকাগুলোতে ইলিশের দাম বেড়ে গেছে। মাছ বাজারগুলোতে শেষ মুহূর্তের কেনাকাটায় ভিড় করছেন সাধারণ মানুষ।