কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের গুলিতে চার নিরাপত্তা সদস্য নিহত
ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে ভারতীয় নিরাপত্তা বাহিনীর গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে নিরাপত্তা বাহিনীর চার সদস্য ও এক বেসামরিক সদস্য নিহত হয়েছেন।
ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়ে, রোববার রাজ্যের কুপওয়ারা জেলার হানদ্বারা শহরে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) দুই সদস্য ও রাজ্য পুলিশের দুই সদস্য রয়েছেন।
পুলিশ জানিয়েছে, বিচ্ছিন্নতাবাদীরা লুকিয়ে আছেন এমন একটি বসতবাড়িকে নিরাপত্তা বাহিনী ঘিরে রাখলে গোলাগুলি শুরু হয়।
এর আগে শুক্রবার ভারতীয় সেনাবাহিনী জানিয়েছিল, ওই এলাকায় লুকিয়ে থাকা দুই বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছেন। কুপওয়ারায় এ নিয়ে তৃতীয় দিনের মতো বিচ্ছিন্নতাবাদী অভিযান চলছিল।
গোলাগুলি থেমে যাওয়ার পর তল্লাশি অভিযান শুরু করা হয়ে এবং তা অব্যাহত আছে বলে জানিয়েছে পুলিশ।
কর্মকর্তারা জানিয়েছেন, বেশ কয়েকবার গোলাগুলি থামে, কিন্তু নিরাপত্তা বাহিনীগুলো ওই বাড়িটির দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলেই ফের গুলি শুরু করছিল বিচ্ছিন্নতাবাদীরা।
পুলিশের সূত্রগুলো এনডিটিভিকে জানিয়েছে, এক সন্ত্রাসীকে মৃত বলে ধরে নেওয়ার পর সে ধ্বংস হয়ে যাওয়া একটি বাড়ির ধ্বংসস্তূপ থেকে বের হয়ে গুলি শুরু করলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা হতভম্ব হয়ে পড়েছিল।
টাইমস/এইচইউ