যুক্তরাষ্ট্রে টর্নেডোতে শিশুসহ ১৪ জন নিহত
যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের লি কাউন্টিতে টর্নেডোর আঘাতে শিশুসহ কমপক্ষে ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
রোববার স্থানীয় সময় সন্ধ্যা থেকেই আলাবামা ও জর্জিয়ার বিভিন্ন অংশে টনের্ডোর আঘাতে এ প্রাণহানির ঘটনা ঘটে। খবর বিবিসির।
আলাবামার শেরিফ জেই জোন্স মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে স্থানীয় গণমাধ্যমকে জানান, আমরা এখনও ধ্বংসস্তূপ থেকে লোকজনকে উদ্ধার করছি। লোকজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজনের আঘাত বেশ গুরুতর।
আবাসিক এলাকাগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং বিপুল পরিমাণ ধ্বংসস্তূপের ভিতর থেকে হতাহতদের বের করা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে সিএনএনকে জানিয়েছেন তিনি।
আলাবামার গভর্নর কেই আইভেই এক টুইটবার্তায় স্থানীয় বাসিন্দাদের সতর্ক করে বলেছেন, আবহাওয়া আরও খারাপ হতে পারে। আজ লি কাউন্টিতে ঝড়ের আঘাতে যারা প্রাণ হারিয়েছেন, তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি।
এলাকাটিতে আঘাত হানা প্রথম টর্নেডোটির বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ২৬৬ কিলোমিটার ছিল বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস)।
এক টুইটে আলাবামার আবহাওয়াবিদ এরিক স্নিটিল জানিয়েছেন, ২০১৮ সালে পুরো যুক্তরাষ্ট্রে টর্নেডোতে যত লোক মারা গেছে এ দিন লি কাউন্টিতে তার চেয়ে বেশি লোক মারা গেছে। ওই এলাকার ১০ হাজারেরও বেশি লোক বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন।
সোমবার লি কাউন্টির সব স্কুল বন্ধ থাকবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।
টাইমস/এইচইউ