ইনস্টাগ্রামে জনপ্রিয় হতে এত ঝুঁকি!
সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয়তা পাবার আশায় অনেক ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ডের খবর আমরা হরহামেশাই শুনতে পাই। এসব করতে গিয়ে প্রাণ পর্যন্ত খুইয়েছেন অনেকে। তবু সতর্ক হওয়ার ক্ষেত্রে থোরাই কেয়ার নেটিজেনদের।
কয়েকদিন আগেই আমেরিকার এক যুবক ১৩ তলা উঁচু ক্রুজ শিপ থেকে সমুদ্রে ঝাঁপ দিয়ে ভিডিও করেছিলেন শুধু ইনস্টাগ্রামে পোস্ট করবার জন্য। এ বার ভ্রমণ সংক্রান্ত একটি ব্লগিং ওয়েবসাইট চালানো এক দম্পতি তাদের ওয়েবসাইটের জন্য পাহাড়ের খাদের ধার দিয়ে যাওয়া চলন্ত ট্রেন থেকে ঝুঁকে পড়ে ছবি তুলে চরম সমালোচনার মুখে পড়লেন।
সম্প্রতি রাউল ও মিগুয়েল দম্পতি ঘুরতে গিয়েছিলেন শ্রীলঙ্কা। সেখানে একটি ট্রেনে ভ্রমণ করবার সময় নিজেদের অন্তরঙ্গ ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ওই দম্পতি। তাদের পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে পাহাড়ি অরণ্যের ভেতর একটি সেতুর ওপর দিয়ে যাচ্ছে একটি ট্রেন। এক পাশে পাহাড়, আর সেতুর নিচে গভীর খাদ।
ট্রেনের দরজায় দাঁড়িয়ে মিগুয়েল চুম্বন করছেন প্রেমিকা রাউলের কপালে। কিন্তু রাউল সেই সময় ট্রেনের দরজার বাইরে। প্রায় ঝুলছেন। ছবি তোলার জন্য পর্তুগালের এই দম্পতির এমন বিপজ্জনক ভঙ্গীই সমালোচনার ঝড় তুলে দেয় সোশ্যাল মিডিয়ায়।
ওই দম্পতির ইনস্টাগ্রামে ফলোয়ার ২ লাখেরও বেশি। ছবিটি প্রকাশ্যে আসবার পরে কেউ কেউ ওই দম্পতিকে মানসিকভাবে ‘অসুস্থ’ বলে অভিহিত করেন। ‘মানসিকভাবে অসুস্থ’ বলা হয় ওই দম্পতিকে যারা ‘ফলো’ করেন তাদেরও। কেউ আবার এমনও বলেন, ইনস্টাগ্রামে লাইক কুড়নোর জন্য আর কত ঝুঁকি নেবেন তারা?
‘এগুলো বোকামি ছাড়া আর কিছুই নয়’- এমনও বলেন কেউ কেউ। যদিও প্রবল সমালোচনার মুখে পড়ে নিজেদের পক্ষে সাফাই দিয়েছেন ওই দম্পতি।
তারা জানায়, ওই সময় ট্রেনটি খুবই ধীরে চলছিল। তাই বিপদের কোনো সম্ভাবনা ছিল না। কিন্তু তাদের সেই সাফাইতে যে ভুলছে না নেট দুনিয়া, তা বোঝা যাচ্ছে তাদের ছবিতে দর্শকদের কমেন্টের বহর দেখেই।
টাইমস/এসআই